চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এম এ মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার আছরের নামাজের পর নগরীর ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে বাগমনিরাম বিদ্যালয়ের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার জানাজায় অংশ নিতে আছরের নামাজের আগে থেকেই হাজার হাজার মানুষ জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমাবেত হন। দলীয় নেতাকর্মী ছাড়াও শত শত শুভাকাক্সক্ষী ফুলেল শ্রদ্ধায় বিদায় জানান তাকে।
জানাজায় সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ আকতারুজ্জামান চোধুরী বাবু, এবিএম ফজলে করিম ও আবুল কাশেম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সাংসদ এম এ লতিফ, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিন চৌধুরী প্রমুখ অংশ নেন।
জানাজার আগে এম এ মান্নানের মরদেহ নগরীর দারুল ফজল মার্কেটে অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ছেয়ে যায় তার কফিন। প্রাণপ্রিয় নেতাকে বিদায় দিতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং মুক্তিযোদ্ধারা।
সোমবার সকালে ঈদের নামাজ আদায় শেষে বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মান্নান (৭৩)।
সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মান্নান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) পূর্বাঞ্চলের কমান্ডার ছিলেন।
দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
'৭৩ সালে তিনি গণপরিষদের সদস্য ও '৯৬ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এইচএ/২২০০ ঘ.
bdnews24