২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি উপেক্ষা করে ঢাকাবাসীর ঈদ শোভাযাত্রা

ঝিরি ঝিরি বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে রাজধানীতে ঈদ আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকাবাসী ও নগরবাসী নামের দুটি সংগঠন। রঙ-বেরঙের পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন ঐতিহ্যবাহী এ কর্মসূচিতে। এতে ঘোড়ার গাড়ি আর সাপুড়ে মেয়ে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যের নমুনা তুলে ধরা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিরি ঝিরি বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে রাজধানীতে ঈদ আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকাবাসী ও নগরবাসী নামের দুটি সংগঠন। রঙ-বেরঙের পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন ঐতিহ্যবাহী এ কর্মসূচিতে। এতে ঘোড়ার গাড়ি আর সাপুড়ে মেয়ে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যের নমুনা তুলে ধরা হয়। বিকেল পাঁচটার দিকে শোভাযাত্রাটি বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বেরিয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে দিয়ে ঘুরে আবার শিশু একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রার আগে শিশু একাডেমি প্রাঙ্গণে ঢাকাবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন- সাংসদ রাশেদ খান মেনন এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তারা ঢাকাবাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, সংরক্ষণ ও সংস্কারের অভাবে ঢাকার ঐতিহ্যবাহী অনেক স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। ভূমিদস্যুদের কারণে কালের সাক্ষী অনেক ভবন হচ্ছে বেদখল। ঐতিহ্যের নিদর্শন সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহবান জানান। আইন প্রতিমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুরান ঢাকার ৬৯ ওয়ার্ড থেকে নগরবাসী সংগঠন (নবা) এর ব্যানারে আরেকটি শোভাযাত্রা বের হয়। ঘোড়ার গাড়ি, ভ্যান, খোলা ট্রাক ও বিভিন্ন ব্যানার নিয়ে বের হওয়া এ শোভাযাত্রা শেষ হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে যানজটমুক্ত পুরান ঢাকা ও বুড়িগঙ্গাকে দুষণমুক্ত করার দাবি জানান নবা নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এমএসবি/২০২৭ ঘ.