২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে চিকিৎসা ব্যবস্থা প্রায় অচল

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের দিন (সোমবার) থেকে চিকিৎসা ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন একজন চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

রংপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের দিন (সোমবার) থেকে চিকিৎসা ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন একজন চিকিৎসক। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি লিয়াকত আলী বাদল জানান, অধিকাংশ ওয়ার্ডেই কোনো চিকিৎসককে দেখা যায়নি। পাওয়া যায়নি নার্স কিংবা আয়াও। মেঘলা নামের আড়াই বছরের এক শিশু মঙ্গলবার সকালে মারা যায়। তার চাচা মো. সালাম অভিযোগ করেন, "মেঘলার কোনো চিকিৎসাই হয়নি। অনেকটা বিনা চিৎিসায় সে মারা গেছে।" এ ব্যাপারে ডা. সোলেমান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালে কোনো সমস্যা নেই। কোনো রোগীই বিনা চিকিৎসায় মারা যায়নি।" ১০ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন মমতাজুল ইসলাম বলেন, ঈদের দিন থেকে কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি। এমনকি একটি ইনজেকশন দেওয়ার জন্য ঈদের দিন রাত ৮টা পর্যন্ত কোনো নার্সকে পাওয়া যায়নি। পরে অনেক অনুরোধ করে এক নার্সকে ডেকে আনা হয়। একই ধরনের অভিযোগ করেন ওই ওয়ার্ডে চিকিৎসাধীন সাহেদ আলী ও ছালামসহ কয়েকজন। মহিলা ওয়ার্ডের অবস্থা আরও খারাপ। সেখানে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো সুইপাররাও দেখা যায়নি। ওই ওয়ার্ডের রোগী আফরোজা বেগম জানান, তার একটি অপারেশন হওয়ার কথা থাকলেও চিকিৎসক না থাকায় হয়নি। শিশু ওয়ার্ডে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। তবে কর্মরত মনজিলা নামের এক নার্স বলেন, তাদের ওয়ার্ডে কোনো সমস্যা নেই। মেডিসিন ওয়ার্ডে রোগীরা জানান, ঈদের দিন রাতে একজন শিক্ষানবিশ চিকিৎসক এসেছিলেন। কিন্তু মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আর কোনো চিকিৎসক আসেননি। তবে কার্ডিওলজি বিভাগে চিকিৎসকরা পালা করে দায়িত্ব পালন করছেন বলে চিকিৎসাধীন রোগীরা জানিয়েছেন। এ ওয়ার্ডের ডা. মো. সালেহীন বলেন, ঈদের দিন অনেক চিকিৎসক ছুটিতে ছিলেন। তাই কিছুটা সমস্যা হয়েছে। তারপরও বড় ধরনের কোনা সমস্যা হয়নি। হাসপাতালের পরিচালক ডা. আনিসুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৩ ঘ.