২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান প্লাজায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

ঈদের ছুটিতে রাজধানীর গুলশান প্লাজায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণালঙ্কারসহ ছয় কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানমালিক। এ ঘটনায় ওই মার্কেটের দু' নৈশ প্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঈদের ছুটিতে রাজধানীর গুলশান প্লাজায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণালঙ্কারসহ ছয় কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানমালিক। এ ঘটনায় ওই মার্কেটের দু' নৈশ প্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চোরেরা জুয়েলারি শপের দেওয়াল ভেঙে সেখানে ঢোকে। এ জন্য আগে ওই শপের পেছনের একটি হোটেলে ঢুকতে সেটির শাটার ভেঙে ফেলে। ঈদের রাতে দুটি দোকানই বন্ধ ছিলো। গুলশান ২ নম্বর গোলচত্বর লাগোয়া গুলশান প্লাজায় নূর জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানে সোমবার রাতের কোনও এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। প্রতিষ্ঠানটির মালিক নাজির আহমদ সাংবাদিকদের বলেন, "স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথরসহ ছয় কোটি টাকার মতো মালামাল চুরি হয়েছে।" গুলশান অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বলেন, "সোমবার রাতে কোনো এক সময় এই চুরি হয়েছে। তারা দোকানটির পিছনের একটি খাবার হোটেলের শাটার ভেঙে হোটেলে ঢোকে। পরে হোটেল ও জুয়েলার্সের মধ্যকার দেওয়াল ভেঙে জুয়েলার্সে ঢোকে মালামাল চুরি করে নিয়ে যায়।" তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সেখানকার দুই নৈশপ্রহরীকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এসএইচ/১৫৪৭ ঘ.