বরগুনা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডুবে যাওয়া একটি ট্রাকের মালামাল উঠাতে গিয়ে বরগুনার পায়রা নদীতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
নিহত সিরাজুল ইসলাম সিরাজের (৫০) বাড়ি পটুয়াখালীর বিঘাই গ্রামে।
রোববার সকালে তিনি পায়রা নদীতে মালামাণ উঠানোর জন্য ডুব দেন। সোমবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীজানুর রহমান বলেন, " ১৬ সেপ্টেম্বর রাতে আমতলী ফেরিতে উঠার সময় টিন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পায়রা নদীতে পড়ে যায়। মালামাল উদ্ধারের জন্য সিরাজকে আনা হয়েছিল।"
তিনি জানান, রোববার সকালে সিরাজ ডুব দিয়ে বেশকিছু টিন উদ্ধার করেন। এরপর আবার ডুব দিয়ে তিনি নিখোঁজ হন।
লাশ নিহতের গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/১৫২৩ ঘ.
bdnews24