ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ঈদগাহ ময়দানে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজতে সেখানে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে 'লস্ট অ্যান্ড ফাউন্ড' সেল খোলা হয়েছে।
ছোট শিশুরা হারিয়ে গেলেও তার সন্ধানে এখান থেকে সহায়তা করা হবে বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, "ঈদের জামাতে পাঞ্জাবি ব্যবহারের কারণে পকেট থেকে মোবাইল বা মানিব্যাগ পড়ে যায়। এরকম কিছু পাওয়া গেলে তা 'লস্ট অ্যান্ড ফাউন্ড' সেলে জমা রাখা হবে। যথাযথ বিবরণ দিয়ে মালিক তা নিতে পারবেন।
"এছাড়া অন্য যে কোনও দ্রব্য বা কারও বাচ্চা হারিয়ে গেলেও এখান থেকে সহায়তা করা হবে।"
জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ ফটকের ডানপাশে পুলিশের কন্ট্রোল রুমে এ সেল স্থাপন করা হয়েছে। ঈদের জামাত শেষ না হওয়া পর্যন্ত এ সেল কাজ করবে।
পুলিশ কর্মকর্তারা জানান, চলতি বছরের পহেলা বৈশাখে প্রথম 'লস্ট অ্যান্ড ফাউন্ড' সেল ব্যবহার করা হয়। তখন হারিয়ে যাওয়া ১৬টি বাচ্চাকে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া সেলের সহায়তায় অনেকগুলো মোবাইল সেট এবং টাকা ফিরে পান মালিকরা।
জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তায় মাঠের বিভিন্ন স্থানে ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঈদের জামাতের সময় এখানে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
সকাল ৯টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসকে/২২১০ঘ.
bdnews24