কক্সবাজার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উপকূলে প্রায় ৩০ হাজার ঝাউগাছ নিধনের ঘটনায় উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দায়িত্বে অবহেলা এবং সহযোগিতার অভিযোগে শুক্রবার এই চারজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এরা হলেন- উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা গোলাম মোস্তফা, সাবরাং বিট কর্মকর্তা মানস কুমার চাকমা, প্রহরী আবু হানিফ মজুমদার এবং নৌকাচালক আবদুস সবুর।
উপকূলীয় বন বিভাগের কক্সবাজারের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা গোলাম মোস্তফাকে উপকূলীয় বন বিভাগের প্রধান বন সংরক্ষক আবদুল মোতালেব এবং অপর তিনজনকে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবদুল খালেকের পৃথক লিখিত আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, টেকনাফ উপকূলের ঝাউবাগান উজাড়ের ঘটনায় এ পর্যন্ত তিনটি তদন্ত কমিটি হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর, উপকূলীয় বন বিভাগ ও কক্সবাজার জেলা প্রশাসন এই তিনটি কমিটি করেছে।
কমিটিগুলো তদন্ত শেষে সাময়িক বরখাস্ত চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে পারে।
গত ৫ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী টেকনাফ সৈকতের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া, কচুবুনিয়া ও খুরেরমুখ এলাকায় বন বিভাগের সৃজিত ঝাউবনের অন্তত ৩০ হাজার গাছ নিধন করে। এ জায়গায় তারা হোটেল, মোটেলসহ নানা অবকাঠামো তৈরির জন্য প্লট বানিয়ে বিক্রি করেন।
১২ সেপ্টেম্বর র্যাব, পুলিশ ও বিডিআর যৌথ অভিযান চালিয়ে লোকজনের বাড়ির উঠান, পুকুর, চিংড়ি ঘের থেকে প্রায় সাত হাজার কাটা গাছ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ঝাউ বাগান উজাড় করেছে। মাত্র তিনজন বন কর্মকর্তা-কর্মচারীর পক্ষে ওই বাগান পাহারা দেওয়া কখনোই সম্ভব হয়ে উঠে না।
এই বন কর্মকর্তা বলেন, "যারা গাছ কাটলো তাদের কিছুই হলো না। অথচ বলির পাঠা হলাম আমরা।"
বুধবার জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদের সরেজমিন পরিদর্শনের সময় এলাকাবাসী অভিযোগ করেছিল, টেকনাফের সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ হোসেন ও তার ছোট ভাই টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ঝাউবাগান নিধনে জড়িত রয়েছেন। এরা ঝাউবাগান নিধন করে ওই জমিতে প্লট তৈরি করে চড়া দামে বিক্রির করেছে।
যুবলীগ নেতা নুর হোসেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়ার মেয়ে জামাই।
তবে আওয়ামী লীগ নেতা জাহেদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, কিছু প্রভাবশালী লোক তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তদন্তকারী দলকেও তারা ভূয়া তথ্য দিয়েছে। তার ভাই নুর হোসেনও এই ঘটনায় জড়িত নয় বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪১২ ঘ.
bdnews24