ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -পর পর চারটি ঈদ পরে এবার দেশের কারাগারগুলোতে ভিআইপি বন্দিরা বিশেষ ব্যবস্থা ছাড়াই ঈদ উদযাপন করবেন।
চারজন ভিআইপি কারাবন্দি থাকলেও এবার তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাদের মধ্যে মাত্র একজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
বর্তমানে কারাগারে থাকা চার ভিআইপি হচ্ছেন- সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজ, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টু।
এছাড়া গিয়াস উদ্দিন আল মামুন কারাগারে থাকলেও কারা বিধি অনুযায়ী তিনি ভিআইপি হিসেবে মর্যাদা পান না।
আব্দুস সালাম পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়, নাসির উদ্দিন পিন্টু বিডিআর বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগে, শাহজাহান সিরাজ, লুৎফুজ্জামান বাবর ও গিয়াস উদ্দিন আল মামুন দুর্নীতির অভিযোগে কারাবন্দি রয়েছেন।
এর মধ্যে আব্দুস সালাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং নাসির উদ্দিন পিন্টু কাশিমপুর কারাগারে, শাহজাহান সিরাজ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে, বাবর কাশিমপুর কারাগারে ও মামুন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য রাজনৈতিক দলের শতাধিক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়।
তাদের রাখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগারে। এরমধ্যে বেশির ভাগ বন্দিই ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। শীর্ষ দু নেত্রী হাসিনা ও খালেদা ছিলেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে।
এ সব নেতা-নেত্রী কারাগারে বন্দি থাকার সময় চারটি ঈদ কারাগারে উদযাপন করেন। এ সময় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। তবে গত বছরের ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগে এবং পরে প্রায় সবাই জামিনে বের হয়ে আসেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গিয়াস উদ্দিন আল মামুন ভিআইপির মর্যাদা পান না।"
তিনি জানান, ভিআইপি বা ডিভিশন প্রাপ্ত অন্য যেসব বন্দি আছেন তাদের ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেই। সব বন্দির জন্য ঈদে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তারাও ওই সুযোগ পাবেন।
তিনি আরও জানান, কারা আইনের মধ্যে থেকে সব কিছু করা হচ্ছে। বাড়তি কিছু করার কোনো সুযোগ নেই।
এবার ঈদের দিন সকালে খাবারের পর বেলা সাড়ে ১২ টার মধ্যে দুপুরের খাবার দেওয়া হবে।
তাতে থাকবে সাদা ভাত, ইলিশ মাছ ও আলুর দম।
রাতে থাকছে পোলাও, গরুর মাংস, (যারা গরুর মাংস খাবেন না তাদের জন্য থাকবে খাসির মাংস) সালাদ ও একটি করে ভুনা ডিম।
তৌহিদুল ইসলাম বলেন, "এবারই প্রথম প্রত্যেক বন্দিকে খাবার শেষে একটি কোমল পানীয়ের বোতল ও পান দেওয়া হবে।"
তিনি জানান, এছাড়াও ঈদের দিন ও তারপরের দুই দিন পরীক্ষা করে বন্দিদের আত্মীয়-স্বজনের পাঠানো খাবার ও পোশাক নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এসএইচ/০১৩৫ ঘ.
bdnews24