ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়েনের মাদারগঞ্জে শ্রী শ্রী রসিক রায় জীউ মন্দির নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা হয়েছে।
পুলিশ রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে শনিবার বিরোধপূর্ণ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছেন প্রশাসন। সেখানে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
শুক্রবার মন্দির দখল ও পূজা উদযাপন নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইস্কন সমর্থকদের হামলায় ফুল বাবু (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১১ জন।
রাতে ভবেশ চন্দ্র নামের এলাকার এক ব্যক্তি বাদী হয়ে ইস্কনের অধ্যক্ষ পুষ্প শীলা ও তার সহকারী গৌর হরি এবং জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল ঘোষসহ ৬৩ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী।
তিনি জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে যোগেশ চন্দ্র্র (২১), জ্যোতিশ চন্দ্র (৫২), হরেন্দ্র নাথ (৩৭), ক্ষীর মোহন (৪৫) ও মতিলাল (৫০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
শনিবার ইসকন ও জেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠকের পর প্রশাসন মন্দিরটির নিয়ন্ত্রণ নিয়েছে।
বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোদাসসের হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা পারভীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্দির থেকে ইস্কনের সদস্যদের বের করে দেওয়া হয়। এলাকায় বর্তমানে রংপুর র্যাব-৫ এর একটি দল ও পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ জানান, পরিস্থিতির আর যাতে অবনতি না হয় সেজন্য উভয় পক্ষকে সরিয়ে প্রশাসন মন্দিরের দায়িত্ব নিয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট বিএম হারুন অর রশিদ বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24