২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও পাবনায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় শনিবার সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন। এর মধ্যে পাবনার সুজানগর উপজেলায় বাস ও করিমনের (শ্যালো ইঞ্জিনচালিত যান) সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় শনিবার সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন। এর মধ্যে পাবনার সুজানগর উপজেলায় বাস ও করিমনের (শ্যালো ইঞ্জিনচালিত যান) সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের হরিপুর এলাকায় বাস ও টেম্পোর সংঘর্ষে পাঁচজন এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মালভর্তি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে তিনজন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাঁপাইনবাবগঞ্জ সদরের হরিপুর এলাকায় যাত্রীবাহী বাস ও টেম্পোর সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরুল ইসলাম (৪০), বাসুদেবপুর গ্রামের বিদ্যুৎ কুমার পাল (২৮) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাসুদেবপুর গ্রামের দিলিপ কুমার সাহা (২৭)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর ৩টার দিকে যাত্রীবাহী একটি মিনিবাস ৫০/৬০ জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার সময় পৌর এলাকার হরিপুরে টেম্পোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার টেম্পোযাত্রী মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো এক যাত্রী। দুর্ঘনার পর পরই চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার নজরুল হোসেন ঘটনাস্থলে যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়ারবাজারে শনিবার ভোর রাতে একটি মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছে। কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে রংপুরগামী গমের বস্তাভর্তি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। নিহতদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ কর্মকর্তা মতিউল জানান। পাবনা: পাবনার সুজানগর উপজেলার আমিনপুর এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী বাস এবং শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি করিমনের সংঘর্ষে ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সুজানগরের খানপুরা গ্রামের আব্দুস সালাম (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের পাবনা সদর হাসপাতাল ও কাশীনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ নিজামুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনপুর এলাকায় দুপুর ১২টার দিকে পাবনা থেকে কাজীরহাট গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা করিমনের সংঘর্ষ হয়।" দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অপর তিনজন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিও ঘটনাস্থলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমইউএস/এমআই/এমএসবি/১৭৫৭ ঘ.