২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর, মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো বরপা এলাকার একটি কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের কর্মকর্তার গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো বরপা এলাকার একটি কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের কর্মকর্তার গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে। অন্তিম নিটিং ডাইং অ্যান্ড প্রিন্টিং নামের কারখানায় ভাঙচুরের সময় আট শ্রমিক আহত হন। এক পর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। বিকেল ৬টা থেকে ৭টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় দুপাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীর ঘটনাস্থলে যান। তিনি শনিবার বেতন দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রূপগঞ্জের তারাবো বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার শ্রমিকরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তিনটি প্রাইভেটকার ও শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাস ভাঙচুর করে। ভাঙচুর কালে মকবুল (২৫), শফিক (২৫), সেলিম (২৪), ইসমাইল (২৩), আবুসহ (২৪) আট শ্রমিক আহত হয়। শ্রমিকরা জানায়, শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে আগে। শ্রমিকদের বেতন না দেওয়ার জন্যই কর্মকর্তাদের বেতন আগে দেওয়া হচ্ছিল বলে তারা দাবি করেন। তবে শ্রমিকদের বেতন দিন দেওয়ার কথা ছিল বলে দাবি করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আকবর আলী। তিনি জানান, শ্রমিকরা শুক্রবার দিনই বেতন-বোনাসের দাবিতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানা কর্তৃপক্ষ শনিবার শ্রমিকদের বেতন- বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.