চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের লেসিং-আনলেসিং শ্রমিকরা আকস্মিক কর্মবিরতি শুরু করলে কন্টেইনারবাহী চারটি জাহাজে প্রায় পাঁচ ঘণ্টা কাজ বন্ধ থাকে। দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর অবশ্য শ্রমিকরা কাজে যোগ দেয়।
এর আগে বন্দর এজেন্ট স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়ন (সিপিএসসিইইউ) ঈদ বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতি করেছিল। তবে দাবি মেনে নেওয়ার পর শুক্রবার তারা কাজে ফেরে।
বার্থ অপারেটরদের আওতাভুক্ত কন্টেইনারবাহী জাহাজে কর্মরত প্রায় সাড়ে তিনশ লেসিং-আনলেসিং শ্রমিকরা সকালের পালা (সকাল আটটা) থেকে কর্মবিরতি পালন করতে থাকে।
এতে সাধারণ কার্গো বার্থে (জিসিবি) অবস্থানরত চারটি জাহাজে কাজ বন্ধ হয়ে যায়। তবে অন্য জেটিতে এবং বাল্ক কার্গোতে কাজ স্বাভাবিক ছিল।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন শুক্রবার বেলা ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেসিং-আনলেসিং শ্রমিকদের ঈদ বোনাস সাড়ে তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর তারা কাজে যোগ দেয়। ফলে জিসিবিতে অবস্থানরত চারটি জাহাজে বেলা ১টা থেকে কাজ শুরু হয়েছে।
তিনি দাবি করেন, বার্থ অপারেটররা আগে থেকেই এদের বড় একটি অংশকে ঈদ বোনাস দিয়েছিল। এরপরও কিছু শ্রমিক আকস্মিকভাবে কর্মবিরতি শুরু করে। পরে বন্দর কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতির সমাধান হয়।
লেসিং-আনলেসিং শ্রমিকরা জাহাজে কন্টেইনার বাধা ও খোলার কাজ করে।
লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বন্দর ডক শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্থ অপারেটররা অন্যদের বোনাস দিলেও সাড়ে তিনশত লেসিং-আনলেসিং শ্রমিকদের বোনাস দেয়নি। এজন্য শুক্রবার সকাল থেকে তারা কাজে যোগ দেয়নি।
এদিকে, বার্থ অপারেটরদের অধীন সিপিএসসিইইউ এর আওতাভুক্ত ছয়শ শ্রমিক-কর্মচারী সকালের পালা থেকে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে বন্দর চেয়ারম্যান কমোডোর আরইউ আহমেদের সাথে এক আলোচনার পর তারা শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি ভেঙে কাজে যোগ দিতে সম্মত হয়। এরআগে বৃহস্পতিবার সকাল থেকে বাড়তি ঈদ বোনাসের দাবিতে এসব শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫০০ ঘ.
bdnews24