২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় এখন উপহার সামগ্রীর দোকানগুলোতে

ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে এসে প্রিয়জনকে মনমতো উপহার দেওয়ার জন্য নগরবাসী এখন ভিড় করছে উপহার সামগ্রীর দোকানগুলোতে। তাই জামা-কাপড়ের দোকানগুলোর মতো রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় এইসব 'গিফট শপ'ও এখন জমজমাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 05:55 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

রোহান জিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে এসে প্রিয়জনকে মনমতো উপহার দেওয়ার জন্য নগরবাসী এখন ভিড় করছে উপহার সামগ্রীর দোকানগুলোতে। তাই জামা-কাপড়ের দোকানগুলোর মতো রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় এইসব 'গিফট শপ'ও এখন জমজমাট। বিক্রির তালিকায় 'শুভেচ্ছা কার্ড' শীর্ষে থাকলেও শোপিস ও চামড়াজাত এবং অন্যান্য বিভিন্ন ক্ষুদ্র সামগ্রীও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। নগরীর হাতিরপুল এলাকার 'আর্চিস গ্যালারি'র শাখা ব্যবস্থাপক টিপু রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাপড়-চোপড়সহ বিভিন্ন কেনাকাটার পর মানুষ এখন প্রিয়জনকে দেওয়ার জন্য উপহার কিনতে আসছেন।" দেশের পথিকৃৎ কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টসের মতিঝিল প্রদর্শনী কেন্দ্রে বুধবার গিয়ে বেশ ভিড় দেখা যায়। সেখানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ তাদের প্রিয়জনকে দেওয়ার জন্য বিভিন্ন দামের শুভেচ্ছা কার্ড খুঁজছিলেন। স্থানীয় একটি কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী মাহবুব জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শুভেচ্ছা কার্ডগুলোর দাম ১০ থেকে ১০০০ টাকার মধ্যে।" কিন্তু এর চেয়েও বেশি দামের কার্ড পাওয়া যাচ্ছে রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীর 'গিফট শপ'গুলোতে। বনানীর কামাল আর্তাতুক অ্যাভিনিউতে 'হলমার্ক'এর একটি বিক্রয়কেন্দ্রে গিয়ে ৬ হাজার টাকারও বেশি দামের কিছু কার্ড দেখা গেল। এই শুভেচ্ছা কার্ডগুলোতে বিভিন্ন গান সংযুক্ত রয়েছে। বিক্রয়কেন্দ্রটির পরিচালক আজমল খান বলেন, "আপনি যখন কার্ডটি খুলবেন, তখন তা গান শুরু করবে। এছাড়া আমাদের কাছে তিন থেকে চার স্তরের বিভিন্ন কার্ডও পাবেন।" দামি এ কার্ড কেনার ক্রেতা রয়েছে কিনা জানতে চাইলে আজমল বলেন, "আমার দোকানে থাকা কম দামের কার্ডগুলোই বরং তুলনামূলকভাবে বিক্রি হয়েছে কম। তবে এটা শুধু এ এলাকার চিত্র।" উপহার সামগ্রীর দোকানগুলোতে শোপিস বিক্রিও হচ্ছে প্রচুর পরিমাণে। রাজধানীর নিউমার্কেটের 'গিফট ইমপোরিয়াম' এর হিসাবরক্ষক আনোয়ারুল হক বলেন, "ঈদের একটি সুন্দর উপহার হিসেবে লোকজন শোপিস খোঁজাখুঁজি করছে।" মানিব্যাগ ও কার্ড হোল্ডারের মতো চামড়াজাত দ্রব্যও উপহারের তালিকায় স্থান করে নিয়েছে। এলিফ্যান্ট রোডে একটি ছোট চামড়া সামগ্রীর দোকান মালিক মোহাম্মদ আলম জানান, অনেকেই মানিব্যাগ আর কার্ডহোল্ডার কিনছে। এমনকি অনেক মহিলারাও উপহার দেয়ার জন্য পুরুষদের মানিব্যাগ, কার্ডহোল্ডারসহ অন্যান্য জিনিস কিনছে। ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে বছরের এই সময়টাতেই বিক্রি হয় সবচেয়ে বেশি, যা সারা বছরের মোট বিক্রির প্রায় ৭০ শতাংশ। ধানমন্ডির 'গিফট অ্যান্ড কার্ডস' বিপণির মালিক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটাই বছরের একমাত্র সময় যখন অধিকাংশ মানুষই দোকানে আসে ও উপহার কেনে। অন্য সময় বিক্রি তেমন একটা হয় না বললেই চলে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএনএস/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.