চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়তি ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হয়েছে। শুক্রবার সকালের পালা থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় বন্দর ভবনে বন্দর চেয়ারম্যান কমোডোর আরইউ আহমেদের সঙ্গে এক আলোচনার পর বার্থ অপারেটরদের আওতাভুক্ত শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি ভেঙে কাজে যোগ দিতে সম্মত হয়। (বিস্তারিত)
বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম বন্দর এজেন্ট স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়নভুক্ত শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে বিভিন্ন জেটি ও বহিঃনোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য-ওঠানামার কাজ সারাদিন বন্ধ থাকে। তবে বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, বন্দরের কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েনি।
বন্দর কর্তৃপক্ষ জানায়, শবে কদর উপলক্ষে বন্দরে বিকেল ও রাতের পালার (বিকেল ৪টা থেকে সকাল ৮টা) কাজ আগের নির্ধারিত সূচি অনুযায়ী বন্ধ রয়েছে। ফলে এ সময়টি কর্মবিরতির আওতায় পড়ে না।
বন্দর কর্তৃপক্ষ একটি সমাধানে পৌঁছতে রাত আটটায় আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের নিয়ে আলোচনায় বসে। প্রায় পৌনে এক ঘন্টা আলোচনার পর ঈদ বোনাস তিন হাজার টাকা থেকে বাড়িয়ে তিন ক্যাটাগরিতে চার হাজার, পাঁচ হাজার ও ছয় হাজার করার প্রস্তাব দেন বন্দর চেয়ারম্যান। পরে ইউনিয়নের নেতারা তা মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহারে রাজি হন।
এতে ইউনিয়নের সভাপতি রশিদ আহম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রায়হান শরীফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা হয়েছে। শুক্রবার সকালের পালা থেকে আবার কাজ শুরু হবে।
এর আগে বার্থ অপারেটররা শ্রমিক-কর্মচারীদের দাবিকে 'অযৌক্তিক' আখ্যায়িত করে তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দেয়। বার্থ অপারেটরদের সংগঠন বিএমএসএ এর চেয়ারম্যান ফজলে একরাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনিয়নের 'অবৈধ' নেতারা উদ্দেশ্যমূলকভাবে বন্দরকে অচল করতে এ কর্মবিরতি পালন করছে।
তিনি অভিযোগ করেন, চাকরিচ্যুত এসব শ্রমিক বন্দরকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নাশকতামূলক কাজের অংশ হিসেবে এ ধরনের চক্রান্তে জড়িয়ে পড়েছে। ইউনিয়নের এসব 'অবৈধ' নেতার সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। অধিকাংশ শ্রমিক-কর্মচারী কাজ করতে চাইলেও ইউনিয়নের নেতারা তাদের কাজে যোগ দিতে দেয়নি। এমনকি তারা শ্রমিক-কর্মচারীদের মারধরও করে।
বিএমএসএ এর চেয়ারম্যান আরো জানান, এ অচলাবস্থার একটি সুরাহার জন্য বন্দর চেয়ারম্যানকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে। চেয়ারম্যান 'যৌক্তিক' যে সিদ্ধান্ত দেবেন তারা তা মেনে নেবেন।
প্রভাব খাটানো কিংবা মারধরের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম বন্দর এজেন্ট স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রশীদ আহম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাবি আদায়ে সবাই স্বতস্ফূর্তভাবে কাজে যোগ দেয়া থেকে বিরত থাকে।
তিনি অভিযোগ করেন, এক-এগারোর সুযোগ নিয়ে বার্থ অপারেটররা শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাস সাত হাজার একশ টাকা থেকে তিন হাজারে নামিয়ে নিয়ে আসে।
বোনাস বাড়ানোর দাবিতে বন্দরের বিভিন্ন জেটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত বার্থ অপারেটরদের অধীন ইউনিয়নভুক্ত প্রায় ছয়শ' শ্রমিক-কর্মচারী সকাল আটটার পালা থেকে কাজে যোগ দেয়া থেকে বিরত থাকে। এসব শ্রমিক-কর্মচারীদের মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক, সহকারি তত্ত্বাবধায়ক, জেটি তত্ত্বাবধায়ক, ফোরম্যান, টালি ক্লার্ক । তারা জাহাজ থেকে পণ্য-ওঠানামার কাজের সঙ্গে সংশ্লিষ্ট।
বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ফেডারেশন এ কর্মবিরতিতে সমর্থন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসকে/এইচএ/২১৪০ ঘ.
bdnews24