নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে তৃতীয় দফায় সিআইডি হেফাজতে রেখে সাতদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত।
দ্বিতীয় দফায় পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আরিফুর রহমানের আদালতে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের ইনর্চাজ সহকারী পুলিশ সুপার ইউসুফ আলী মোল্লা মুফতি হান্নানকে আবারও জিজ্ঞাসাবাদ করতে সাতদিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানান। হাকিম আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে অংশ নেন কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজির আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান দীপু, মামলার বাদী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।
তারা বলেন, এটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে তথ্য জানার জন্য মুফতি হান্নানকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।
হুজি নেতা মুফতি হান্নান আদালতকে বলেন, তিনি ফাঁসির আসামি হওয়ার পরও বার বার রিমান্ডে নিয়ে তাকে নির্যাতনের করা হচ্ছে। তিনি বোমা হামলার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
প্রথম দফায় মুফতি হান্নানকে সাতদিন ও দ্বিতীয় দফায় পাঁচদিন সিআইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা শাহাদাত উল্লাহ জুয়েল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হন।
ঘটনার পর পরই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারসহ বিএনপির ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় জড়িত কাউকে চিহ্নিত করতে না পেরে তদন্ত কর্মকর্তা সিআইডি'র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ২০০২ সালের জুনে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের ইনর্চাজ সহকারী পুলিশ সুপার ইউসুফ আলী মোল্লার আবেদনে আদালত মামলাটির পুনর্তদন্তের নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24