ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচআইভি/এইডস সংক্রমণ রোধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে 'মধুমিতা' নামে নতুন একটি স্বাস্থ্যসেবা উদ্যোগের কথা ঘোষণা করেছে স্থানীয় মার্কিন দূতাবাস।
১ কোটি ৩০ লাখ ডলার ব্যয়সাপেক্ষ এই কর্মসূচির অধীনে বাংলাদেশে এইডস ঝুঁকির সম্মুখীন ২০ লাখ মানুষকে এইচআইভি প্রতিরোধ সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার ঢাকার আমেরিকান সেন্টার এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'ইউএসএআইডি' এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। ৫০টি স্বাস্থ্য কেন্দ্রের একটি নেটওয়ার্কের মাধ্যমে 'মধুমিতা' কাজ করবে।
এসব কেন্দ্র থেকে যৌনবাহিত সংক্রমণের জন্য স্বেচ্ছা পরামর্শ, এইচআইভি পরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ সেবা দেওয়া হবে। শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী ও তাদের গ্রাহক এবং এইচআইভি পজিটিভরা এই লক্ষ্যের অন্তর্ভুক্ত।
স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া ছাড়াও এই কেন্দ্রগুলি শিরায় মাদক গ্রহণকারীদের পুনর্বাসন, সুস্থ হয়ে উঠছে এমন মাদক গ্রহণকারীদের চাকরির জন্য প্রশিক্ষণ প্রদান এবং এইচআইভি সম্পর্কে সচেতনতা প্রচার করবে।
'মধুমিতা' এইচআইভি/এইডস আক্রান্তদের সেবা ও তাদের জন্য গৃহীত কর্মসূচিগুলোতেও সহায়তা দেবে।
ইউএসএআইডি বাংলাদেশে পাঁচটি বৃহত্তর ক্ষেত্রে কর্মসূচি পরিচালনা করে থাকে। এগুলো হচ্ছে স্বাস্থ্য ও প্রাক-প্রাথমিক শিক্ষার উন্নয়ন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য আয়ের সুযোগ সৃষ্টি, সুশাসনে সহায়তা, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি শক্তিশালীকরণ ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী জরুরি সহায়তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৯৪১ঘ.
bdnews24