ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা মো. আরিফুল ইসলাম আরিফকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মৃণাল কান্তি সাহার আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত বৃহস্পতিবার আরিফকে জিজ্ঞাসাবাদে তিনদিন পুলিশি হেফাজতের (রিমান্ড) নির্দেশ দেন।
হাকিম মুন্সী আব্দুল মজিদ মজিদের কাছে অবশ্য ১০ দিন আইনি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল সাহা।
পুলিশের আবেদন নাকচ করার জন্য আদালতে আবেদন করেছিলেন আরিফের কৌঁসুলি গোলাম মোস্তফা খান ও মোহসিন মিয়া।
শুনানিতে তারা বলেন, গণমাধ্যমে প্রচার হয়েছে আরিফকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ধরা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হবে।
তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন, যদি ২১ আগস্ট মামলায় সে (আরিফ) জড়িত না থাকে বা জড়িত থাকার সম্ভাবনা না থাকে তবে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম দীর্ঘ ৯ বছর আগের সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তারা আরও বলেন, দীর্ঘ ৯ বছরেও এ মামলায় তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করতে পারেননি। আইন অনুযায়ী এ বিলম্বের কারণে সব অভিযুক্তরা সুবিধা পাবে।
২০০১ সালের ২০ জানুয়ারি তারিখে পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় চার কর্মী নিহত হয়।
এ মামলায় গ্রেপ্তার আরিফ ঢাকা মহানগরীর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক।
আদালতে এ পরিচয় তুলে ধরে আইনজীবীরা বলেন, তিনি যেন বিএনপির রাজনীতি বেগবান করতে না পারেন, সে জন্য রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুনানির এক পর্যায়ে মোহসিন মিয়া উত্তেজিত হয়ে এজলাসে বেঞ্চ চাপড়ে বক্তব্য রাখতে গেলে আদালত তাকে উত্তেজিত না হওয়ার পরামর্শ দেন। ওই আচরণের জন্য তাৎক্ষণিকভাবেই হাকিমের কাছে ক্ষমা চান তিনি।
আরিফের কৌঁসুলিরা আরিফের চিকিৎসকের সনদপত্র দাখিল করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে না দেওয়ার আবেদন করেন এবং তার জামিনও চান।
তবে হাকিম তাদের আবেদন নাকচ করেই আরিফকে পুলিশি হেফাজতে পাঠান।
শুনানির সময় আরিফকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মৃণালও এজলাসে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24