২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দূরপাল্লার বাসের টিকিট কালোবাজারে

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। বেশি টাকা দিয়ে যাত্রীদের কালোবাজার থেকে টিকিট কিনতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের কর্মকর্তা মাজহারুল ইসলাম চট্টগ্রামের বিআরটিসি মোড়ের মর্ডান লাইন্স পরিবহনের কাউন্টারে গিয়ে জানতে পারেন কোন টিকিট নেই। তিনি নতুন নির্ধারিত ৭০০ টাকা ভাড়াতেই চাপাঁইনবাবগঞ্জের টিকিট কিনতে চেয়েছিলেন। মাজহারুল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিকিট নেই বলে ফিরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই কাউন্টারের বাইরে এক ব্যক্তির কাছ থেকে তিনি ১০০ টাকা বেশি দিয়ে ৮০০ টাকায় একটি টিকিট কেনেন। অথচ আগে এ ভাড়া ছিল ৫০০ টাকা। ঈদকে সামনে রেখে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়ে দেওয়ার পরও যাত্রীদের বেশি টাকা দিয়ে কালোবাজার থেকে টিকিট কিনতে হচ্ছে। এ ক্ষেত্রে ১০০ থেকে দেড়শ' টাকা বেশি দিতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। শ্যামলী পরিবহনের চট্টগ্রামের ম্যানেজার মোহাম্মদ মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের আগে কোন কোন দিনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। কেউ টিকিট ফেরত দিতে এসে হয়তো বেশি দামে তা বিক্রি করতে পারে।" এবারে দূরপাল্লার বাসের টিকিট এখনো পর্যন্ত কালোবাজারিদের হাতে যায়নি বলেও তিনি দাবি করেন। কাউন্টারের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে দিনাজপুর, নওঁগা, লালমনিরহাট, বাগেরহাট, রংপুর, কুষ্টিয়াসহ দূরপাল্লার বিভিন্ন বাসের ভাড়া দেড়শ' থেকে দুইশ' টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিবহন মালিকরা নতুন এ ভাড়া নির্ধারণ করেছেন। বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন পরিবহন সংস্থার কাউন্টার ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম থেকে দিনাজপুরের ভাড়া ২০০ টাকা বাড়িয়ে ৭০০, নওগাঁ ১৫০ টাকা বাড়িয়ে ৬৫০, রংপুর ২২০ টাকা বাড়িয়ে ৭০০, কুষ্টিয়া ১৭০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। মেহেরপুরের ভাড়া ২২০ টাকা বাড়িয়ে ৭০০, পাবনা ২০০ টাকা বাড়িয়ে ৬৫০, নীলফামারী ২০০ টাকা বাড়িয়ে ৭০০, গাইবান্ধা ২০০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা নেওয়া হচ্ছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকা ও কক্সবাজারগামী বাসের ভাড়া বাড়ানো হয়নি। মালিক সমিতির নামে ঈদ উপলক্ষে নতুন নির্ধারিত ভাড়ার তালিকার একটি নোটিশও কাউন্টারগুলোতে টানিয়ে দেওয়া হয়েছে। হানিফ এন্টারপ্রাইজের ম্যনেজার এম এ রানা বেশি ভাড়া নির্ধারণের যুক্তি দিয়ে বলেন, "দূরপাল্লার বাসে চট্টগ্রাম বা ঢাকা থেকে যাওয়ার যাত্রী থাকলেও সেখান থেকে প্রায় বাসকেই কম যাত্রী নিয়ে ফিরতে হয়। এতে পরিবহন মালিকদের খরচই ওঠে না। এ জন্য ঈদে বাস মালিকরা নতুন ভাড়া নির্ধারণ করেছেন। ঈদের পর থেকে আগের ভাড়ায় দূরপাল্লার যাত্রী পরিবহন করা হবে বলে জানান। এদিকে, ঈদে যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে চট্টগ্রাম থেকে তিনটি বিশেষ ট্রেন চালু করেছে। শুক্রবার চট্টগ্রাম থেকে চাঁদপুরে দুই জোড়া এবং কুমিল্লায় এক জোড়া ট্রেন চলাচল শুরু করবে। চাঁদপুরের দুই জোড়া ২৯ সেপ্টেম্বর এবং কুমিল্লার বিশেষ ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন চট্টগ্রামের স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ ট্রেন তিনটির টিকিট স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/১৬৪৪ ঘ.