ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের পূর্বাচল প্রকল্পে চারটি শ্রেণীতে লটারির মাধ্যমে ১০৭৭ প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ওসমানী মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হয়।
বিচারপতিদের দুই শ্রেণীতে মোট ১৪টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এতে ১০ কাঠার ১৩টি ও সাড়ে সাত কাঠার ১টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধাদের ২৯৬টি প্লটের মধ্যে ১০ কাঠার ১৬টি, সাড়ে সাত কাঠার ৩৬টি, ৫ কাঠার ১৩৪টি এবং তিন কাঠার ১১০টি প্লট বরাদ্দ করা হয়েছে।
শিল্পী-সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ জন্য ১৭৬টি প্লটের মধ্যে ১০ কাঠার ৯টি, সাড়ে সাত কাঠার ২১টি, ৫ কাঠার ৮০টি এবং তিন কাঠার ৬৬টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
প্রবাসীদের জন্য ৫৯১টি প্লটের মধ্যে ১০ কাঠার ৩২টি, সাড়ে সাত কাঠার ৭২টি, ৫ কাঠার ২৬৭টি এবং তিন কাঠার ২২০টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
লটারির ড্র অনুষ্ঠানে রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মাহবুবউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান খান লটারির ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন।
তিনি জানান, এ চার শ্রেণীতে মোট ২২ হাজার ৬৭৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাইয়ের সময় ১৫১২টি আবেদন অসম্পূর্ণ তথ্যের জন্য বাতিল হয়ে যায়।
পূর্বাচল প্রকল্পে মোট প্লটের সংখ্যা ১৭ হাজার ৫০০টি। এর মধ্যে আগের সরকারগুলো বরাদ্দ দেওয়ার পর ৬ হাজার প্লট বরাদ্দ বাকি রয়েছে। বর্তমান সরকার তা বরাদ্দ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৫০২ ঘ.
bdnews24