চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোনাস বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের একটি অংশ বৃহস্পতিবার সকালের পালা থেকে কর্মবিরতি শুরু করেছে। এতে পণ্য ওঠানামার কাজ ব্যাহত হলেও বন্দরের কাজ পুরোপুরি বন্ধ হয়নি বলে বন্দর কর্তৃপক্ষ দাবি করছে।
বন্দরের বিভিন্ন জেটি পরিচালনায় দায়িত্বরত বার্থ অপারেটরদের অধীন প্রায় ছয়শ শ্রমিক বৃহস্পতিবার সকাল ৮টার পালা থেকে কাজে যোগ দেয়নি।
চট্টগ্রাম বন্দর এজেন্ট স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়নভুক্ত এসব শ্রমিক-কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ফেডারেশন এ কর্মবিরতিতে সমর্থন দিয়েছে।
চট্টগ্রাম বন্দর এজেন্ট স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রশীদ আহম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি অবস্থার সময় বার্থ অপারেটররা শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাস অর্ধেক কমিয়ে দেয়। আগে আমরা যেখানে ৭ হাজার ১০০ টাকা বোনাস পেতাম, এখন দেওয়া হচ্ছে তিন হাজার টাকা।"
এর প্রতিবাদে ইউনিয়নভুক্ত প্রায় ছয়শ শ্রমিক কর্মবিরতি শুরু করে জানিয়ে তিনি বলেন, দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত আলোচনার কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ে বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ইউনিয়ন সভাপতি।
ধর্মঘটী শ্রমিকদের কাজে ফেরাতে বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষ সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বার্থ অপারেটরদের তাদের অধীন এসব শ্রমিক-কর্মচারীদের অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, শিগগিরই বিষয়টির সুরাহা হয়ে যাবে।"
শ্রমিকদের একাংশের কর্মবিরতির কারণে সামান্য ব্যাঘাত ঘটলেও বন্দরের কাজ স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।
এ কর্মবিরতিতে সমর্থন দিয়ে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের 'ন্যায্য' দাবি আদায়ের এ আন্দোলনে তাদের সমর্থন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24