ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহ আর অবিশ্বাসের মধ্যে রয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার বেতন-বোনাস না পেলে ঈদের আগে আর পাওয়া হবে না- এ আশঙ্কায় কাটছে তাদের প্রতিটি প্রহর।
মোহাম্মদপুরের বাংলাদেশ গার্মেন্টস-এর শ্রমিক রানা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ঈদে বাড়ি যাবেন কী না।
বুধবার সকালে রিংরোডের শম্পা মার্কেটের ওপরে অবস্থিত গার্মেন্টসটির নিচতলায় দাঁড়িয়ে রানা বলেন, "কেবল আগস্ট মাসের ওভারটাইম দিয়েই মাসটা কাটাতে চেয়েছিল মালিকপক্ষ। কয়েকদিনের আন্দোলনের পর তারা ওই মাসের বেতন দিয়েছে।
রানার সঙ্গে ছিল আরও কয়েক শ্রমিক। সবারই অবস্থা এক রকম। তারা সবাই একসুরে বললেন, "এখন মালিক যে বোনাস দেবে না- এ বিষয়টি প্রায় নিশ্চিত।"
আরেক শ্রমিক ফজল জানালেন, ঈদের আগে বোনাস পেলে বাড়ি যাবেন, না হলে নয়।
এদিকে বুধবার বেতন বোনাসের দাবিতে রাজধানী ও এর উপকণ্ঠের কমপক্ষে চারটি গার্মেন্টস এর শ্রমিকরা বিক্ষোভ করেছে। একই দাবিতে মুক্তাঙ্গনে বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ছয়টি গার্মেন্টস-এর বেতনবঞ্চিত শ্রমিকরা।
বাংলাদেশ গার্মেন্টস-এর শ্রমিকদের আশঙ্কা, ঈদের আগে বোনাস না দিয়ে কারখানায় তালা মেরে দিতে পারে মালিক পক্ষ। আর এ তালা কবে খুলবে তারও কোনও নিশ্চয়তা নেই।
তারা আরও অভিযোগ করেন, কয়েকদিন ধরে সামান্য অজুহাতেই ওই গার্মেন্টসে শ্রমিক ছাটাই চলছে। ছাটাই করা শ্রমিকদের পাওনাও দেওয়া হচ্ছে না।
গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ'র সহ-সভাপতি (দ্বিতীয়) শফিকুল ইসলাম মহিউদ্দীন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিজিএমইএ গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে নিয়েই বেতন-ভাতা পরিস্থিতি মনিটরিং করছে।
"বেশিরভাগ গার্মেন্টস-এ বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। অল্প কয়েকটিতে সমস্যা রয়েছে। সেগুলো মেটানোর চেষ্টা করা হচ্ছে।"
তিনি দাবি করেন, শ্রমিকরা নয়, শ্রমিক নেতারা আন্দোলন করছে।
মহিউদ্দিন বলেন, "বাস্তব অবস্থা অনেক ভাল। আমরা আশা করি, শ্রমিকদের এবারের ঈদ অন্যান্য ঈদের চেয়েও অনেক ভাল হবে।"
ওদিকে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে ৫০টি গার্মেন্টসের বেতন-বোনাস না দেওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা ও এর উপকণ্ঠের নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, আশুলিয়া এলাকায় প্রায় ২০১০টি গার্মেন্টস কারখানা রয়েছে। এগুলোতে শ্রমিক সংখ্যা ১০ লাখের বেশি।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এরমধ্যে ইতিমধ্যে ৮০টি কারখানা বন্ধ হয়ে গেছে। ৫১টি কারখানা ধুকে ধুকে চলছে। এসব কারখানার শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না।
ওই প্রতিবেদনে বলা হয়, যে কোনও সময় বিক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে এ গার্মেন্টস কারখানাগুলোতে। আইন-শৃঙ্খলাবাহিনীগুলো কারখানাগুলোকে পর্যবেক্ষণে রেখেছে।
ওদের কী হবে....
গত আগস্ট মাস ও চলতি মাসে বন্ধ হয়ে যাওয়া চারটি কারখানার শ্রমিকসহ মোট ছয়টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার মুক্তাঙ্গনে বিক্ষোভ করেছে।
আশুলিয়ার পূবালী নিটেক্স-এর শ্রমিক শরীফা জানান, গত ২১ আগস্ট তাদের কারখানা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। জুন, জুলাই ও আগস্ট মাসের বেতন ও ওভারটাইম বকেয়া রয়েছে।
তিনি বলেন, "আমাগো কী আর ঈদ আছে। আমরা কাপড় বানায়া দিই, আপনেরা পরেন, আর আমাগো ঠকান।"
মহাখালীর নিবরাস নিট ওয়্যাার-এর শ্রমিক নোয়াখালীর চাটখিলের সেলিনা জানান, ২৫ আগস্ট তাদের কারখানা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। এখন মালিক পক্ষের কোনও খোঁজ নেই। আগস্ট মাসের বেতন ও ওভারটাইম বাকি রয়েছে।
এ সময়ে বন্ধ হয়ে যাওয়া ছয়টি গার্মেন্টস হলো- মহাখালীর নিবরাস নিটওয়্যাার, এসআইএস গার্মেন্টস লিমিটেড, তেজগাঁওয়ের সিডনি ফ্যাশন্স, আশুলিয়ার পূবালী নিটেক্স, গাজীপুরের কালিয়াকৈরের মার্শাল নিটেক্স ও একই জেলার কোনাবাড়ির লাইফ গার্মেন্টস।
রাস্তায় শ্রমিকরা...
বেতন-বোনাসের দাবিতে বুধবার বিক্ষোভ করেছে সাভারের মডার্ন প্লাজা কানন গার্মেন্টস, সাভার বাজারের ক্যাপিটাল গার্মেন্টস, কুড়িল বিশ্বরোডের সিনা এ্যাপারেলস, পশ্চিম হাজীপাড়ার ইসলাম ডেসেস-এর শ্রমিকরা। তারা রাস্তায় নেমে এলে পুলিশ তাদের পরে সরিয়ে দেয়।
বানিজ্যমন্ত্রীর দাবি....
বাণিজ্যমন্ত্রী ফারুক খান মঙ্গলবার সংসদে বলেছিলেন, "গার্মেন্টস মালিকরা সরকারকে বলেছে, তারা ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা দিবেন। এ বিষয়টি সরকার নিবিড়ভাবে মনিটরিং করছে।"
তিনি একই সঙ্গে জানান, তৈরি পোশাক শিল্পে যাতে কোনও ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য সরকার সর্তক দৃষ্টি রাখছে।
সাংসদ রাশেদ খান মেননের জরুরি জনগুরুত্বসম্পন্ন এক দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেছিলেন।
মেনন তার নোটিশে বলেন, ঈদের মাসে বেতন-বোনাস দেওয়াকে কেন্দ্র করে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ঈদের আগে এটা দেওয়া নিশ্চিত করা না গেলে পোশাক শিল্পে আরেক দফা অসন্তোষ সৃষ্টি হবে।
এক সম্পূরক প্রশ্নে মেনন ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পাচ্ছে না বলে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ফারুক খান জানিয়েছিলেন, এ বিষয়ে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।
স
bdnews24