ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুস্থ হয়ে উঠছেন কবি মোহাম্মদ রফিক।
মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার এএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। (আরো তথ্যসহ)
কবির সফরসঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষক বিপ্লব বালা কলকাতা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল তিনি (রফিক) মাইল্ড স্ট্রোক করেছেন। কিন্তু পরে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে স্ট্রোক নয়, তার ডায়াবেটিসের মাত্রা হঠাৎ অনেক বেড়ে গিয়েছিল।
বুধবার রাতে মোহাম্মদ রফিকের অবস্থার উন্নতি হয়। রাত সোয়া ১১টার দিকে বিপ্লব বালা জানান, তার অবস্থা অনেক ভালো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে। তবে বৃহস্পতিবারও তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বিপ্লব বালা বলেন, "আশা করছি ১৯ সেপ্টেম্বর কবিকে সঙ্গে নিয়েই দেশে ফিরব।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিক কবি বিষ্ণু দে'র জন্মশতবার্ষিকীতে ভারতীয় সাহিত্য একাডেমীর এক সেমিনারে অংশ নিতে কলকাতায় যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/আরএ/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24