২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুধবার ভোররাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মাসুবার হালদার (৩৮) চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। গুটুদিয়া গ্রামের বড়ভাঙ্গা এলাকায় ওয়াপদা সড়কে রাত সাড়ে ৩টার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাউজুল কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 08:06 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

খুলনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুধবার ভোররাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মাসুবার হালদার (৩৮) চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। গুটুদিয়া গ্রামের বড়ভাঙ্গা এলাকায় ওয়াপদা সড়কে রাত সাড়ে ৩টার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাউজুল কবীর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের একটি টহল দল রাতে গুটুদিয়া গ্রামের বড়ভাঙ্গা এলাকায় পৌঁছলে সেখানে বৈঠকরত চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।" গোলাগুলির পর 'চরমপন্থীরা' পালিয়ে গেলে মাসুবারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় জানিয়ে ওসি বলেন, "তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মাসুবার মারা গেছেন।" ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট (এসপি) মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুবারের বিরুদ্ধে খুলনা ও ডুমুরিয়া থানায় ৭টি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য। র‌্যাবের এক পরিসংখ্যানে জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ বিশেষ ওই বাহিনী গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত শনিবার বলেন, "ক্রসফায়ার বলে কিছু নেই। এ বিষয়ে যা বলা হয় তা ঠিক নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার সময় এ সব মৃত্যুর ঘটনা ঘটে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২০ ঘ.