চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে একটি জাহাজ থেকে অপরিশোধিত চিনি খালাস শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে লাইটার জাহাজের মাধ্যমে ওই জাহাজ থেকে চিনি খালাসের কাজ শুরু হয়। ব্রাজিল থেকে এই সাড়ে ২৭ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হয়।
বন্দর নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত শনিবার লিমার পতাকাবাহী পন্টোনসটোস নামের এ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে ভেড়ে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে বহিঃনোঙ্গরে অবস্থানরত এ জাহাজ থেকে অপরিশোধিত চিনি খালাসের কাজ শুরু হয়েছে। পুরো চিনি খালাস হতে আরও কয়েক দিন লাগবে।
এস আলম গ্র"প তাদের সদ্য চালু হওয়া চিনি কলের জন্য ব্রাজিল থেকে এই চিনি আমদানি করেছে। এই চিনি বাজারে আসতে আরও কয়েকদিন সময় লাগবে।
এস আলম গ্র"পের চিনিকলটি সোমবার থেকে আনুষ্ঠানিক উৎপাদন শুরু করে।
অন্যদিকে ঈদের আগে ও পরে আরও দুই লাখ টনের বেশি অপরিশোধিত চিনি আমদানির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অগ্রীম বুকিং দিয়েছে বলে আমদানিকারক ও শুল্ক ভবন সূত্র জানায়।
এদিকে চট্টগ্রাম নগরীতে মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে খোলা বাজারে চিনি বিক্রি শুরুর কথা থাকলেও তা হয়নি। বুধবার সকাল থেকে ৪০ টাকা কেজি দরে নগরীর ৪১ টি ওয়ার্ডের ১০০ টি স্থানে এ চিনি বিক্রি শুরু হবে।
চট্টগ্রামে চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে ঈদের আগের দিন পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আশেক রসুল টিপু। তিনি জানান, দিনে জনপ্রতি ২ কেজি করে চিনি দেওয়া হবে।
আশেক রসুল আরও জানান, সিটি কর্পোরেশন মঙ্গলবার বিকেলে এস আলম সুগার মিল থেকে প্রথম দফায় তিনশ' টন চিনি ক্রয় করেছে। এখন সেগুলো প্যাকেটজাত করা হচ্ছে। বুধবার সকাল থেকে নগরীর জনবহুল এলাকায় এসব চিনি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ভর্তুকি মূল্যে এই চিনি বিক্রি করা হবে।
চট্টগ্রামের খুচরা বাজারে চিনির সরবরাহ বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা। চিনির জন্য পাইকারী বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেও তারা প্রতিদিনের চাহিদা অনুযায়ী চিনি পাচ্ছেন না। এ কারণে বাজার দর গত কয়েকদিনের মতোই চড়া রয়েছে বলে তারা দাবি করছেন।
চট্টগ্রামের খুচড়া বাজারে মঙ্গলবার প্রতি কেজি চিনি ৬৪ টাকা দরে বিক্রি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.
bdnews24