২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ও পূর্বাচলে প্লট বরাদ্দের লটারি বৃহস্পতিবার

আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উত্তরা ও পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের লটারির ড্র অনুষ্ঠিত হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চারটি ক্যাটাগরির জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে এ লটারির আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উত্তরা ও পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের লটারির ড্র অনুষ্ঠিত হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চারটি ক্যাটাগরির জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে এ লটারির আয়োজন করেছে। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং পূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোফাখখারুল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার এ তথ্য জানান। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজউকের পক্ষ থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় লটারির ড্র অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনও পাওয়া গেছে।" তিনি আরও জানান, লটারির জন্য প্রাথমিকভাবে চারটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা, বিচারপতি ও বিচারক, প্রবাসী এবং শিল্পী রয়েছেন। অন্য ক্যাটাগরির লটারির ড্রও ঈদের পরপরই করার উদ্যোগ নেওয়া হবে। ড্রতে যারা প্লট পাবেন না তাদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে। প্রথম দিনে লটারিতে কতগুলো প্লটের আবেদন নিষ্পত্তি করা হবে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, নীতিমালা অনুযায়ী যে ক্যাটাগরির জন্য যা নির্ধারিত রয়েছে, তাই দেওয়া হবে। তবে এ মুহূর্তে সংখ্যা বলা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১৩ ঘ.