বরিশাল, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদীতে মঙ্গলবার ভোররাতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত বাবুল সরদার (৩৫) চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা বলে র্যাবের দাবি।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ৩টার দিকে গৌরনদীর বাটাজোর শ্মশান ঘাটে ওই 'বন্দুকযুদ্ধ' হয়।
র্যাব বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র্যাব ও পুলিশের যৌথ টহল দল রাতে বাটাজোর শ্মশান ঘাটে পৌঁছলে সেখানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালাতে থাকে। র্যাব ও পুলিশ তাদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। তখন র্যাব ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে বাবুল সরদারের লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবারসহ তিনটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
বাবুলের বিরুদ্ধেগৌরনদী থানায় হত্যার অভিযোগে চারটিসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তার ১০ বছরের সাজা হয়। তবে তিনি পলাতক ছিলেন।
লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে।
মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য।
র্যাবের এক পরিসংখ্যানে জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ বিশেষ ওই বাহিনী গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে।
এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত শনিবার বলেন, "ক্রসফায়ার বলে কিছু নেই। এ বিষয়ে যা বলা হয় তা ঠিক নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার সময় এ সব মৃত্যুর ঘটনা ঘটে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24