২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র থাকলে শাস্তি

ভুল তথ্য প্রদান কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে জেল-জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। প্রস্তাবিত জাতীয় পরিচয় নিবন্ধন আইনে এ বিধান রাখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ভুল তথ্য প্রদান কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে জেল-জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। প্রস্তাবিত জাতীয় পরিচয় নিবন্ধন আইনে এ বিধান রাখা হচ্ছে। সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে 'জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০০৯-এর খসড়া অনুমোদন করা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "খসড়া আইন অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবে এবং প্রয়োজনে তা বাতিল করতে পারবে। একাধিক ও জাল পরিচয়পত্র এবং ভুল তথ্যের জন্য শাস্তিরও ব্যবস্থা করতে পারবে ইসি।" আইন লংঘনের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা আর্থিক জরিমানার বিধান থাকছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন ইতোমধ্যে জানিয়েছেন, নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা কার্যক্রমের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়টিও করে আসছে। প্রস্তাবিত আইন অনুসারে জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের পৃথক একটি 'উইং' রাখা হবে। এক্ষেত্রে ইসি'র সঙ্গে সমন্বয় রেখে সংরক্ষিত তথ্যভাণ্ডার থেকে পরিচয়পত্র প্রদানের বিষয়ে কাজ চলবে। প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের জারী করা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অধ্যাদেশটি নির্বাচনের পর সংসদে উত্থাপন করা হলেও তা অনুমোদন করা হয়নি। এ জন্যই এবার খসড়া আইন প্রণয়ন করা হয়েছে। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রস্তাবিত অধ্যাদেশের বিধানগুলোই খসড়া আইনে রয়েছে। তারা বলেছেন, প্রস্তাবিত নিবন্ধন আইন অনুযায়ী সরকারের প্রায় ১৮টি সেবা নিতে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের সুযোগ থাকবে। তবে সরকার নির্ধারিত সেবা পেতে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক নয়। ১৫ মে জারিকৃত জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ (নিরা), ২০০৮ এর ৩৬ ধারা অনুযায়ী, ইসি সংগৃহীত তথ্য-উপাত্ত নিরা প্রতিষ্ঠার পর হস্তান্তর করবে এবং ইসির বিতরণকৃত পরিচয়পত্র নিরার কর্তৃত্বাধীন জাতীয় পরিচয়পত্র হিসাবে গণ্য হবে। নির্ধারিত পদ্ধতিতে ও শর্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরা'র কাছে তথ্য-উপাত্ত পাওয়ার আবেদন করতে পারবে। জন্ম বা মৃত্যু সম্পর্কে তথ্য হালনাগাদ করে সংরক্ষণ করা হবে। এছাড়া সংশোধন ও নতুন পরিচয়পত্র প্রদান কিংবা বাতিলের ব্যবস্থা নেবে নিরা। পরিচয়পত্র জালিয়াতি ও মিথ্য তথ্য প্রদানের শাস্তির বিষয়ে ওই বিধানে বলা হয়, একাধিক জাতীয় পরিচয়পত্র নিলে এবং জাতীয় পরিচয়পত্রে মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করলে অনুর্ধ্ব তিন মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অনুর্ধ্ব ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড; তথ্য বিকৃত অথবা নষ্ট করলে অনুর্ধ্ব ৬ মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অনুর্ধ্ব ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড এবং পরিচয়পত্র জাল করলে অনুর্ধ্ব ৭ বছরের সশ্র্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের শাস্তি রয়েছে। সরকারের যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা নির্বাচন কমিশনে 'জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন' সংক্রান্ত উইংয়ের দায়িত্ব পালন করবে বলে জানান নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। ইসি'র অধীনে 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রকল্প' এখন দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ করা চালিয়ে যাওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রও দিচ্ছে। নির্বাচন কমিশন নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো ৮ কোটিরও বেশি লোককে ছবিসহ ভোটার তালিকাভুক্ত করে। এদের অধিকাংশের জাতীয় পরিচয়পত্র প্রদান সম্পন্ন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১৩৬ঘ.