মাগুরা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামে সাবেক সেনা সদস্যের ওপর নির্যাতনের ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। এ মামলায় দুই পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সোমবার মাগুরার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতিত অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল তৈয়বুর রহমানের স্ত্রী হালিমা বেগম।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন-মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর রহমান এবং কনস্টেবল মুরাদ হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টম্বর (শুক্রবার) সকালে তৈয়বুর রহমান ও হালিমা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় এএসআই লুৎফর রহমান তাদের বাড়ি ঢুকে ঝগড়ায় হস্তক্ষেপ করেন। তৈয়বুর রহমান এর প্রতিবাদ করলে তাকে ক্যাম্পে ধরে নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা একই ক্যাম্পের কন্সটেবল মুরাদের সহযোগিতায় তৈয়বুর রহমানের মুখের ভেতর কাপড় ঢুকিয়ে উলঙ্গ করে বেদম মারপিট করেন এবং প্লায়ার্স দিয়ে পায়ের নখ তুলে ফেলেন।
এ ঘটনায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তৈয়বুর রহমানকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। এ ছাড়া লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেন।
পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অভিযুক্ত দু'জন এখন জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24