কক্সবাজার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন কক্সবাজার দুটি মাছ ধরা ট্রলারের চার জেলে। শনিবার দুপুুরে পটুখালীর মহীপুর উপকূলে মাছ ধরার সময় ১৪টি ট্রলারের মাঝিকে অপহরণের সময় এগিয়ে গেলে জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি করে।
সোমবার তাদের পটুয়াখালীর মহীপুর থেকে কক্সবাজার আনা হয়েছে। ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জেলা ফিশিং বোট মালিক সমিতির কর্মকর্তারা।
অপরদিকে দুদিন পরও অপহৃত ১৪ মাঝি উদ্ধার হয়নি। তাদের উদ্ধারে ট্রলার মালিকরা জলদস্যুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির কর্মকর্তা মোস্তাক আহমদ জানান, কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ সিদ্দিকের মালিকানাধীন দু'টি ট্রলারের চারজন জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ হন। এরা হলেন এফবি নার্গিস ট্রলারের মাঝি মোহাম্মদ নুরুল ইসলাম এবং এফবি নাজনীন এর তিন জেলে- করিম, বাকী বিল্লাহ ও সৈয়দ আলম।
ট্রলার মালিক মোহাম্মদ সিদ্দিক জানান, পটুয়াখালীর মহীপুর উপকূলে মাছ শিকারকালে অন্য একটি ট্রলার থেকে 'ডাকাত' 'ডাকাত' চিৎকার শুনে তার দুটি ট্রলার এগিয়ে গিয়েছিল। ওই সময় জলদস্যুরা তাদের ট্রলারের মাঝি ও জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
তিনি জানান, আহতদের মধ্যে নুরুল ইসলামের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম জানান, ইদানিং সাগরে জলদস্যুদের উৎপাত বেড়েছে। ট্রলার মালিকরা তাদের ট্রলার সাগরে পাঠাতেই ভয় পাচ্ছেন।
তিনি বলেন, এখনও পর্যন্ত অপহৃত ১৪ মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি। জলদস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করছে।
শনিবার কক্সবাজারের দুটিসহ বরগুনা, বরগুনার পাথরঘাটা, পটুয়াখালী ও পটুয়াখালীর মহীপুর এলাকার ১৪টি ট্রলারের মাঝিকে অপহরণ করে জলদস্যুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24