২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় সাতজন নিহত

হবিগঞ্জ, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সোমবার সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সোমবার সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে সকালে যাত্রীবাহী বাস উল্টে দুজন মারা গেছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুরে মোকামতলা-জয়পুরহাট সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের পুনিয়াউটে দুপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: হবিগঞ্জ: নিহত দুজনের মধ্যে একজন হলেন- ময়মনসিংহের নান্দাইল এলাকার রেণু মিয়া। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার থেকে ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস আন্দিউড়ায় পৌঁছানোর পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। বগুড়া: নিহতরা হলেন- শিবগঞ্জের খুলুপাড়ার অটোরিকশাচালক আশীষ কুমার (৩৮) এবং অটোরিকশার যাত্রী হারুন (৪০) ও মুসা (৩২)। মুসা ও হারুন গাজীপুরের কোনাপাড়ার বাসিন্দা। তারা জয়পুরহাট বেড়াতে গিয়েছিলেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, সোমবার সকাল সাতটার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের আলাদিপুরে ঢাকা থেকে জয়পুরহাটগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া: নিহত ব্যক্তি হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন (৩৫) ও মো. আবিদুর রহমান (৬০)। আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- পুনিয়াউট গ্রামের সিদ্দিকুর রহমান (৪৫) ও সদর উপজেলার চান্দি গ্রামের নাসরিন (২২)। আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে আবিদুর মারা যান। পুলিশ সার্জেন্ট মো. সরওয়ার হোসেন জানান, সোমবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস পুনিয়াউট এলাকায় একটি তেলবাহী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাক দুটি ছিটকে পথচারীদের চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণে কুমিল্লা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ কর্মকর্তা সরওয়ার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫১ ঘ.