ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাছ বিক্রি নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের নাম রমজান আলী (৫০)।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজান আলীর একটি বাবলা গাছ ৬শ' টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন তার প্রতিবেশী জয়নাল আলী। কিন্তু রমজান আলী অন্য এক ব্যক্তির কাছে ৭'শ টাকাতে গাছটি বিক্রি করেন।"
এতে ক্ষিপ্ত হয়ে সকাল নয়টার দিকে সকালে জয়নাল এবং তার দুই ছেলে জনি ও মাজেদুল রমজানের বাড়িতে গিয়ে তার ছেলে ও ছেলের বউকে মারধর করে। রমজান মাঠ থেকে ফিরে এ ঘটনার প্রতিবাদ করলে তারা রমজানকে দা ও বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৫৬ ঘ.
bdnews24