দিনাজপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে মহসীন আলী (১৮) এবং ফুলবাড়ী উপজেলার আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমীন (২২)।
৪০ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে মহসীন ও রুহুল ফুলবাড়ী উপজেলার শিবপুর চৌধুরী পাড়া সীমান্তের ওপারে যায়।
ভারতের ৬৯ বিএসএফ'র বাসন্তীপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি করে। ঘটনাস্থলেই তারা মারা যায়।
লে. কর্নেল কামরুল জানান, নিহতদের লাশ বিএসএফ নিয়ে গেছে। তাদের লাশ ফেরত আনার ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24