২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' আরও এক চরমপন্থী নিহত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যে সোমবার কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও এক চরমপন্থী নিহত হয়েছে। এ নিয়ে গত এক মাসে ওই জেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৬ জন নিহত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 06:44 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যে সোমবার কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও এক চরমপন্থী নিহত হয়েছে। এ নিয়ে গত এক মাসে ওই জেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৬ জন নিহত হলো। নিহত সমির উদ্দিন ওরফে সম্মি (৩০) জাসদ গণবাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। সে মহিষাডাঙ্গা গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে। কুষ্টিয়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সোয়া চারটার দিকে সদর উপজেলার পদ্মনগর গ্রামের একটি খালের পাশে চরমপন্থীদের গোপন বৈঠকের খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। "বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে সমিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।" ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, "সমিরের লাশ ময়না তদন্তের জন্য সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।" সমিরের বিরুদ্ধে ইবি থানায় একটি হত্যা, অস্ত্র আইনে একটিসহ মোট ছয়টি এবং ঝিনাইদহের হরিণাকুন্ড থানায় একটি হত্যা ও শৈলকুপা থানায় অপহরণের অভিযোগে একটি মামলা রয়েছে। চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য। র‌্যাবের এক পরিসংখ্যানে জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ বিশেষ ওই বাহিনী গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক শনিবার বলেন, "ক্রসফায়ার বলে কিছু নেই। এ বিষয়ে যা বলা হয় তা ঠিক নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার সময় এ সব মৃত্যুর ঘটনা ঘটে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১২৫৮ ঘ.