ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় প্রতিপক্ষের লোকজন রোববার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কৃষককে হত্যা করেছে। একইদিন ব্রাহ্মণবাড়িয়া শহরে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্সীগঞ্জে শনিবার রাতে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার সরিষতলা গ্রামে সিরাজুল ইসলাম (৩২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এলাকাবাসীর বরাত দিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ বলেন, সরিষতলা গ্রামের কিছু খাস জমি নিয়ে আবু সাঈদ ও লাল মিয়া গ্র"পের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে আবু সাঈদের লোকজন লাল মিয়া গ্র"পের সিরাজুল ইসলামকে ডেকে মৌজাকান্দা এলাকায় নিয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়া: জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিং এলাকা থেকে স্কুল ছাত্র রাকিবের (১৭) লাশ উদ্ধার করা হয়।
রাকিব ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া মৌলভীহাটির নূর মোহাম্মদ খানের ছেলে। সে আইডিয়াল একাডেমির নবম শ্রেণীর ছাত্র ছিল।
পরিবারের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শনিবার রাতে রাকিব নিখোঁজ হয়। রেলক্রসিং এলাকার সেতুর নিচে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।
মুন্সীগঞ্জ: সদর উপজেলার শিলমন্দি গ্রামে শনিবার রাতে স্বামীর হাতে গৃহবধূ আসমা আক্তার সাথী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ আসমার স্বামী মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় সাথীর মা রহিমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাড়ির তিনতলা ছাদ থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, রফিকুল ইসলাম বেকার হওয়ায় শ্বশুরবাড়ির আর্থিক সহযোগিতায় সংসার চালাচ্ছিল। কিছুদিন আগে সে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য বলে। কয়েকদিন আগে স্ত্রী আসমার ভাই সবুজ পাঁচ হাজার টাকা দেন রফিকুল ইসলামকে।
পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে শনিবার গভীর রাতে বাড়ির ছাদে নিয়ে স্ত্রীকে আরও টাকার জন্য বলে। এতে আসমা রাজি না হলে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.
bdnews24