ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোয় সংবিধান লঙ্ঘন হয়েছিল বলে মেনে নিয়েছে সরকার।
আইন সচিব কাজী হাবিবুল আওয়াল রোববার সংসদীয় কমিটিতে হাজির হয়ে ওই ঘটনার পুরো দায় স্বীকার করেছেন।
এ কারণে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে আর হাজির হতে হচ্ছে না বলে জানিয়েছেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
গত ৩০ জুলাই সরকার জনপ্রশাসনে 'সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখতে' ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে অবসরে পাঠায়।
তারা দু'জন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব।
সমালোচনার মুখে কয়েকদিন পরই সরকার ওই আদেশ প্রত্যাহার করে নেয়।
ওই ঘটনার ব্যাখ্যা চেয়ে সংসদীয় কমিটি গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে তলব করে।
আইন সচিব রোববার সংসদীয় কমিটির বৈঠকে হাজির হয়ে ওই ঘটনার দায়িত্ব স্বীকার করে নেন।
বৈঠকের পর সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, "যেহেতু আইন সচিব ওই ঘটনার পুরো দায় এবং এতে সংবিধান লঙ্ঘিত হয়েছিল বলে স্বীকার করেছেন, তাই আমরা বিষয়টি নিষ্পন্ন হয়ে গেছে।"
"এ কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদের আর সংসদীয় কমিটিতে হাজির হওয়ার প্রয়োজন নেই। কমিটি সমর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে", বলেন সুরঞ্জিত।
সংসদীয় কমিটির সদস্য আইন প্রতিমন্ত্রীও ওই সময় উপস্থিত ছিলেন।
বিচারকদের অবসরে পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিষয়ে আইন মন্ত্রণালয় আর কোনও তদন্ত করবে কিনা- জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান কামরুল।
সুরঞ্জিত এর আগে বলেছিলেন, আইনমন্ত্রীর অগোচরেই দুই বিচারকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল এবং এ কাজটি বাস্তবায়ন করেন এইচ টি ইমাম, ইকবাল মাহমুদ ও হাবিবুল আওয়াল।
আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যেও এর সায় মেলে।
সংসদীয় কমিটির সিদ্ধান্তের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের দুই সদস্য ইমাম ও সুরঞ্জিতের মধ্যে পরোক্ষভাবে কয়েক দফা বাহাসও হয়।
এইচ টি ইমাম অভিযোগ করেন, তাকে তলবের বিষয়ে সংসদীয় কমিটির দুই-একজন সদস্যের 'উস্কানি' রয়েছে। কমিটি ও তার দলের দুই-একজন নেতার কথা-বার্তাও মাঝে-মধ্যে একটু অসংযত হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
এর প্রতিক্রিয়ায় সুরঞ্জিত বলেন, ইমামের বক্তব্য অশোভন ও অগ্রহণযোগ্য।
ইমামকে তলব করা নিয়ে সুরঞ্জিত ও আইন প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্যেও বিভক্তি দেখা দেয়।
কামরুল ইসলাম বলেন, এইচ টি ইমামকে তলব করার কোনও সিদ্ধান্ত ২৭ আগস্টের সভায় হয়নি।
এর পাল্টা জবাব দিয়ে সুরঞ্জিত বলেন, কমিটিতে সর্বসম্মতভাবেই ইমামসহ তিনজনকে ডাকার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24