গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের দুই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে শনিবার দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে একটি ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়।
সংঘর্ষে ১০ শিক্ষার্থী সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নওশের আলী জানান, গোপলগঞ্জ শহরের মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এবং গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে কয়েকদিন আগে একটি মারপিটের ঘটনা ঘটে।
তিনি বলেন, শনিবার মডেল পলিটেকনিকের ২২ শিক্ষার্থী ব্যবহারিরক পরীক্ষা দিতে চন্দ্রদিঘলিয়া পলিটেকনিকে যায়। সেখানে তারা চন্দ্রদিঘলিয়া পলিটেকনিকের এক শিক্ষার্থীকে মারধর করলে বিক্ষুব্ধ ছাত্ররা পরীক্ষার কক্ষে ঢুকে হামলা চালায়। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কমকর্তা মো. আব্দুল মতিনসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নজরুল ইসলাম ও চন্দ্রদিঘলিয়া পলিটেকনিকের অধ্যক্ষ মহানন্দ মজুমদার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীকে নিয়ে একটি বৈঠক করেছেন ।
অধ্যক্ষ মহানন্দ মজুমদার বলেন, শনিবারের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24