ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। কুষ্টিয়ায় আহত হয়েছে অপর এক ডাকাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, দাকোপ উপজেলার বারইখালী গ্রামে ভদ্রা নদীর পাড়ে শনিবার রাত আড়াইটায় 'বন্দুকযুদ্ধে' ডাকাত ফারুক খাঁ নিহত হয়।
খুলনার পুলিশ সুপারিটেনডেন্ট (এসপি) মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের একটি টহল দল বারইখালী খেয়াঘাট এলাকায় গেলে পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে ঘাপটি মেরে থাকা ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।"
প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে গেলে ওই টিনের ঘরে ফারুকের লাশ পাওয়া যায় বলে এসপি জানান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডাকাতদের গুলিতে কনস্টেবল বিদ্যুৎ সাহা ও বাবুল শিকদার আহত হয় বলে শামসুদ্দিন জানান।
তিনি বলেন, "নিহত ফারুক বনদস্যু বাকী বিল্লাহর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কয়রা থানায় তিনটি, দাকোপ থানায় ডাকাতির একটি এবং চাঁদাবাজির একটি মামলা রয়েছে।"
কুষ্টিয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার বাড়াদি গ্রামে শনিবার ভোররাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রেজাউল ইসলাম (৩৫) নামের এক ডাকাত সর্দার আহত হয়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৩টার দিকে বাড়াদি গ্রামের খালপাড়া গোরস্থানের পাশে একটি ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়।
তিনি বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত সর্দার রেজাউল গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা পালিয়ে যায়।"
আহত রেজাউলকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছে।
এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24