২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যমূলক আচরণের অভিযোগ বিসিএস তথ্য ক্যাডার সমিতির

সদ্য পদোন্নতি পাওয়া প্রশাসনের ৪৯৪ কর্মকর্তার মধ্যে তথ্য ক্যাডারের মাত্র দুইজন রয়েছেন জানিয়ে বিসিএস তথ্য ক্যাডার সমিতি তাদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ এনেছে। একই সঙ্গে তারা এমন বৈষম্যমূলক আচরণ নিরসনের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য পদোন্নতি পাওয়া প্রশাসনের ৪৯৪ কর্মকর্তার মধ্যে তথ্য ক্যাডারের মাত্র দুইজন রয়েছেন জানিয়ে বিসিএস তথ্য ক্যাডার সমিতি তাদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ এনেছে। একই সঙ্গে তারা এমন বৈষম্যমূলক আচরণ নিরসনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বিসিএস তথ্য ক্যাডার সমিতির সভাপতি ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) একেএম শামীম চৌধুরী ও মহাসচিব আকতারুজ্জামান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রিপরিষদ সচিব এবং সংস্থাপন সচিবের কাছে তাদের এ অভিযোগ ও দাবির কথা জানান। সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের '৮৪ সালের ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তবে একই ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে মাত্র দুইজন উপ-সচিব হওয়ার সুযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে বিসিএস তথ্য ক্যাডার সমিতির প্রতিনিধি দলটি মন্ত্রিপরিষদ সচিব ও সংস্থাপন সচিবের সঙ্গে দেখা করতে যান। মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ সভায় থাকায় তার একান্ত সচিব সমিতির লিখিত বক্তব্যটি বুঝে নেন। অবশ্য সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ তার কার্যালয়ে তথ্য ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি তাদের লিখিত বক্তব্যটি গ্রহণ করে এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সমিতির সভাপতি শামীম চৌধুরী। তিনি বলেন, "প্রশাসনের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তাদের শক্তির জোর দেখিয়ে নিজেদের পদোন্নতি বাগিয়ে নিয়েছেন। বঞ্চিত করেছেন তথ্য ক্যাডারের কর্মকর্তাদের। পদোন্নতির সুযোগ থাকা সত্ত্বেও তথ্য ক্যাডারের মাত্র দুইজন কমকর্তাকে উপ-সচিব করা হয়েছে। "'৮৪ সালের ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তাদের বেশিরভাগ যেখানে উপ-সচিব হতে পারেননি, সেখানে প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের ('৯১ সালের) কর্মকর্তারা উপ-সচিব হয়েছেন। "আর '৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তারা হয়েছেন যুগ্ম-সচিব। এটি তথ্য ক্যাডার কর্মকর্তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ। আমরা এর নিরসন চেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/২২১১ ঘ.