ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় বৃহস্পতিবার ভোররাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
রামপুরা বাজার সংলগ্ন ৩২৩ নং নির্মাণাধীন আফতাব টাওয়ারের নিচতলায় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম ওরফে বাপ্পী ওরফে মিয়া ভাই সন্ত্রাসী দল 'জিসান বাহিনী'র সদস্য বলে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আফতাব টাওয়ারে জিসান গ্র"পের ৫/৬ জন সন্ত্রাসীর জড়ো হওয়ার খবর পেয়ে র্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়।
"ওই সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় কামরুল।"
ঘটনাস্থল থেকে মাসুদ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা কালাম জানান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি শটগান এবং তিন রাউন্ড গুলিও পাওয়া গেছে।
কামরুলের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র্যাব জানায়।
মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য।
র্যাবের এক পরিসংখ্যানে বৃহস্পতিবার জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে।
এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/১২৫৫ ঘ.
bdnews24