চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় বুধবার রাতে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
খুলশী থানার লালখান বাজার এলাকার চাঁনমারী সড়কে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত মো. বেলালকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদ ও যুবলীগ নেতা দিদারুল আলম মাসুমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।"
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি ইফতেখার।
সংঘর্ষে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১২০২ ঘ.
bdnews24