২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাইরে চলার শর্তে মেয়াদোত্তীর্ণ যান ছেড়ে দেওয়া হচ্ছে

গত এক মাস ধরে রাজধানীতে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে আটক গাড়ির অর্ধেকই ঢাকার বাইরে চলার শর্তে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এক মাস ধরে রাজধানীতে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে আটক গাড়ির অর্ধেকই ঢাকার বাইরে চলার শর্তে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে আয়োজিত মাসিক অপরাধ সভা ও অপরাধ বিষয়ক সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক এ কথা জানান। অনুষ্ঠানে মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্রাব) নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, "নগরীতে অবৈধ, রুট পারমিটবিহীন ও ২০ বছরের পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে আটক যানবাহনগুলোর মধ্যে অর্ধেকগুলোর মালিকের কাছ থেকে দেড়শ' টাকার স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে যে এগুলো আর ঢাকার রাজপথে চলবে না।" তিনি জানান, প্রতিদিনই প্রচুরসংখ্যক মেয়াদোত্তীর্ণ ও অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। কিন্তু আটককৃত এসব যানবাহন রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় মালিকদের কাছে দেড়শ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়ে ছাড়া হয়। রাজধানীতে না চালানোর শর্তে রাজি হয়ে মালিকরা গাড়ি নিয়ে যাচ্ছে। অভিযান চলাকালেও রাস্তায় চলছে লক্কর-ঝক্কর গাড়ি- এ বিষয়ে তিনি বলেন, "দেখতে পুরনো মনে হলেও অনেক গাড়ি মডেল আউট হয়নি। বিআরটিএ'র ফিটনেসও রয়েছে।" সভায় উপস্থাপিত আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে খুন ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। আগস্টে ২৪টি খুন, ৫৮টি ছিনতাই, ৩০ টি ডাকাতি-দস্যুতা ও ৭টি চাঁদা দাবির ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.