২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তিন পার্বত্য জেলায় অব্যবহৃত জমির বন্দোবস্তি বাতিল করা হবে'

পার্বত্য জেলাগুলোতে বন্দোবস্তি নেওয়া যেসব জমি ব্যবহার হয়নি বা খালি পড়ে আছে সেগুলোর বন্দোবস্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম। চেয়ারম্যান জানিয়েছেন খাগড়াছড়ি সার্কিট হাউজ মিলনায়তনে মঙ্গলবার সকালে কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য জেলাগুলোতে বন্দোবস্তি নেওয়া যেসব জমি ব্যবহার হয়নি বা খালি পড়ে আছে সেগুলোর বন্দোবস্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম। চেয়ারম্যান জানিয়েছেন খাগড়াছড়ি সার্কিট হাউজ মিলনায়তনে মঙ্গলবার সকালে কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ১৫ অক্টোবর থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় ভূমি কমিশন কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। ছয় মাসে কাজ শেষ না হলে পরবর্তীতে আরও সময় বাড়ানো হবে। সভায় বিচারপতি খাদেমুল ইসলাম বলেন, আবাসনের নিয়ম ভঙ্গ করে কোনো জমি বন্দোবস্তি নেওয়া হয়ে থাকলে কমিশন তা খতিয়ে দেখবে। অনিয়মের সত্যতা পাওয়া গেলে বন্দোবস্তি বাতিল করা হবে। তিনি বলেন, ভারত থেকে প্রত্যাগত, কাপ্তাই বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত এবং অভ্যন্তরীণ শরণার্থীদের সব অভিযোগ আবেদনের ভিত্তিতে গ্রহণ করে নিষ্পত্তি করা হবে। প্রাথমিক পর্যায়ে তিন পার্বত্য জেলার শরণার্থীদের তালিকা কমিশনের কাছে উপস্থাপনের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়। এ ছাড়া সভায় জরিপ কাজ পরিচালনাকারী কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী জরিপ চালানো হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। বিচারপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ। জরিপ চলার সময় রাজা (সার্কেল প্রধান), হেডম্যান (মৌজা প্রধান) ও কার্বারীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক সহযোগিতা করবেন। এ জন্য প্রতিমাসে হেডম্যানকে পাঁচ হাজার টাকা এবং কার্বারীকে তিন হাজার টাকা করে দেওয়ার সুপারিশ করা হয় সভায়। এ সভা সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র রোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, চিঠি না পাওয়ায় ইচ্ছা থাকা সত্বেও তিনি বা তার প্রতিনিধি সভায় উপস্থিত হতে পারেননি। পরবর্তী সময়ে সব বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে অবগত করার জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.