আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কট নিরসনে জরুরিভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে সরকার।
৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ওই কেন্দ্র তৈরিতে ব্যয় হবে ২ হাজার ৭৭ কোটি ৪১ লাখ টাকা। এর কাজ শুরু হবে এ মাস থেকেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
গ্যাসভিত্তিক (গ্যাস টারবাইন পিকিং পাওয়ার প্ল্যান্ট) এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয়ের দুই-তৃতীয়াংশই হবে বিশ্বব্যাংকের অর্থায়নে।
বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, "দেশে বিদ্যুৎ সঙ্কটের বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত এ প্রকল্পের কাজ শেষ করা হবে।"
প্রকল্পের কার্যপত্রের তথ্য অনুযায়ী, ২ হাজার ৭৭ কোটি ৪৭ লাখ টাকার এ প্রকল্পে সাহায্য হচ্ছে ১ হাজার ৫০২ কোটি ১৩ লাখ টাকা। উন্নয়ন সংস্থা বিশ্বব্যাংক এ সহায়তা দেবে। সরকার যোগান দেবে ৪৯৪ কোটি ৩৫ লাখ টাকা। আর বাকি ৮০ কোটি ৯৩ লাখ টাকা দেবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড।
কার্যপত্রে প্রকল্পের পটভূমিতে বলা হয়েছে, ঢাকা শহর ও পাশপাশের এলাকা তথা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোটানোর লক্ষ্যে 'পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান আপডেট-২০০৬' অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোজন করতে না পারার কারণে বর্তমানে লোডশেডিং জন-জীবনের স্বস্তি ও উন্নয়ন কর্মকাণ্ডের পথে বিরাট বাধা হয়ে দেখা দিয়েছে।
স্বল্প সময়ে এ পরিস্থিতি থেকে উত্তরণে গ্যাস টারবাইন পিকিং পাওয়ার প্ল্যান্ট স্থাপন অত্যন্ত জরুরি বলে এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জে ইজিসিবি'র নিজস্ব জমিতে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা (২২১ দশমিক ১০ মিলিয়ন ডলার) ব্যয়ে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। আর ৫৫০ কোটি টাকা (৮৪ দশমিক ৬০ মিলিয়ন ডলার) দিয়ে ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার গ্যাস ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হবে।
পেট্রোবাংলার আওতাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এ ট্রান্সমিশন লাইনটি স্থাপন করবে।
বিশ্বব্যাংক এ প্রকল্পে যে ঋণ সহায়তা করবে, সে বিষয়ে ইতোমধ্যে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় গত ৩০ এপ্রিল এ প্রকল্পের দরপত্র গ্রহণ করা হয়। আটটি দরপত্র জমা পড়েছে। এগুলো এখন বিধি মোতাবেক গঠিত দরপত্র মূল্যায়ন কমিটির মূল্যায়নের শেষ পর্যায়ে রয়েছে।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে, রাজধানী ঢাকা ও এর সংলগ্ন এলাকায় ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো এবং ট্রান্সমিশন লস হ্রাস করা।
এছাড়া নতুন উৎপাদন সংযোজনের মাধ্যমে গ্রিড সিস্টেমে অধিকতর স্থিতিশীলতা অর্জনে সহায়তা করাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে কার্যপত্রে উল্লেখ করা হয়।
প্রকল্পটি চলতি ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীনভাবে সংযুক্ত অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৩২ ঘ.
bdnews24