চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রাম থেকে সোমবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- উপজেলার নন্দিপুর ইউনিয়নের নজরপুর গ্রামের ওসিমুদ্দীন (৮৫)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবর আলী জানান, ওসিমুদ্দীনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই এলাকার সালেহ আহমেদ ২৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, ওসিমুদ্দীন মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর শান্তি কমিটির সদস্য ছিলেন। সহযোগীদের নিয়ে তিনি ১৯৭১ সালের ১৭ জুলাই ওই এলাকার সালেহ আহমেদের বাড়িতে হানা দিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। পরে তারা সালেহ আহমেদকে রহনপুর এবি উচ্চ বিদ্যালয়ে পাকিস্তানি সেনা ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24