২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ন্যাশনাল ব্যাংকের টাকা লুটের কথা স্বীকার করেছেন নৈশপ্রহরী

নাটোরের ন্যাশনাল ব্যাংকে কোটি টাকা খোয়া যাওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত নৈশপ্রহরী জুলফিকার আলী পুলিশের কাছে টাকা লুটের ঘটনা স্বীকার করেছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

নাটোর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের ন্যাশনাল ব্যাংকে কোটি টাকা খোয়া যাওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত নৈশপ্রহরী জুলফিকার আলী পুলিশের কাছে টাকা লুটের ঘটনা স্বীকার করেছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে পারেনি। রোববার রাতে নৈশপ্রহরীর উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংকের এক কোটি ৬২ লাখ টাকা লুট হয়। সোমবার সকালে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। দুর্বৃত্তরা ব্যাংকের অন্তত ২০টি তালা খুলে এ টাকা নিয়ে যায়। এ ঘটনায় নৈশপ্রহরী জুলফিকার আলী ও আব্দুল খাত্তাবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, টাকা উদ্ধারে গঠিত তদন্ত কমিটি গ্রেপ্তার ও আটককৃত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নৈশপ্রহরী জুলফিকার আলী টাকা লুটের কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তির সূত্র ধরে পুলিশ ও সিআইডির একটি দল সোমবার রাতে জুলফিকার আলীর বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অভিযান পরিচালনা চালায়। কিন্তু কোন স্থান থেকেই পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে পারেনি। তদন্ত কমিটির দলনেতা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারকৃত নৈশ প্রহরী টাকা লুটের কথা স্বীকার করলেও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। ফলে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও টাকা উদ্ধার করতে পারিনি। তবে দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধারের সম্ভবনা রয়েছে।" তিনি বলেন, পুলিশ হেফাজতে নেওয়া ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা ঘটনার ব্যাপারে তারা কিছুই জানে না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে টাকা উদ্ধার হলে তাদের সম্পৃক্ততা আছে কি না তা নিশ্চিত হওয়া যাবে। তারা আরও কিছু সময় পুলিশ হেফাজতেই থাকবেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপক জহিরুল হককেও পুলিশ সোমবার রাতে জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে গতকাল মঙ্গলবার দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হোসেন বলেন, "জিজ্ঞাসাবাদে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার বিষয়ে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।" এদিকে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আজিজুর রহমানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার ব্যাংকের নাটোর শাখা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আশা করেন, পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হবেন এবং দায়ী ব্যক্তিদের সনাক্ত করতে পারবেন। ডিএমডি আজিজুর রহমান ব্যাংকের গ্রাহকদের পূর্ণ আস্থা নিয়ে লেনদেন করার জন্য আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.