ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সানোয়ারা গ্র"পের এক কর্মকর্তাকে গুলি করে মঙ্গলবার সোয়া ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় সকালে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে পুলিশ বলছে, ঘটনাটি 'রহস্যজনক'। এটি খতিয়ে দেখা হচ্ছে।
সানোয়ারা গ্র"পের প্রধান হিসাব রক্ষক অরূপ রতন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮০/বি, মালিবাগ চৌধুরীপাড়ার অফিস সংলগ্ন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক থেকে হিসাব রক্ষক সাইফুল ইসলাম ও এরিয়া ম্যানেজার নিজামউদ্দিন প্রায় সোয়া দুই লাখ টাকা তুলে অফিসে ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে।
তিনি বলেন, "ব্যাংক থেকে বের হওয়ার পর ৩০ গজের মতো পায়ে হেঁটে আসার সময় কয়েকজন সন্ত্রাসী সাইফুলের বাম পায়ে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।"
ওই সময় নিজাম পালিয়ে আসেন বলে অরূপ জানান।
গুলিবিদ্ধ সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরো বিষয়টি রহস্যজনক। টাকা আনতে গাড়ি ব্যবহার না করা এবং সাইফুলের বাম পায়ের শুধু আংগুলে গুলি লাগার বিষয়টি রহস্যের সৃষ্টি করেছে।"
পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24