২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ন্যাশনাল ব্যাংকের কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২

নাটোরে রোববার রাতে ন্যাশনাল ব্যাংকের এক কোটি ৬২ লাখ টাকা খোয়া গেছে। দুর্বৃত্তরা ব্যাংকের ২০টি তালা খোলে এই টাকা নিয়ে গেছে। কোন কিছু না ভেঙে নৈশপ্রহরীর উপস্থিতিতে শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটায় রহস্যের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

নাটোর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে রোববার রাতে ন্যাশনাল ব্যাংকের এক কোটি ৬২ লাখ টাকা খোয়া গেছে। দুর্বৃত্তরা ব্যাংকের ২০টি তালা খোলে এই টাকা নিয়ে গেছে। কোন কিছু না ভেঙে নৈশপ্রহরীর উপস্থিতিতে শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিন ব্যাংক কর্মকর্তাকে। এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে সদর সার্কেলের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) মকবুল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক এএসপি মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, "ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য অসামঞ্জস্য। জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।" নাটোর সদর থানার পুলিশ জানায়, সোমবার সকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা কর্মী নান্টু ন্যাশনাল ব্যাংকের প্রধান ফটকে গিয়ে একটি সাধারণ তালা লাগানো দেখতে পান। তিনি বাইরে থেকে নৈশপ্রহরীকে ডাকাডাকি করে সাড়া পাননি। পরে ব্যাংকের ব্যবস্থাপক জহিরুল হক ও অন্যান্য কর্মীরা পুলিশের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সবাই ব্যাংকের ষ্ট্রংরুম, ভোল্ট ও লকারের তালা খোলা দেখতে পান। তল্লাশি শেষে দেখা যায়, ব্যাংকের ভোল্টে থাকা এক কোটি ৬২ লাখ টাকা খোয়া গেছে। ব্যাংকের কাগজপত্র ও লকারের মালামাল অক্ষত রয়েছে। ব্যাংকের দোতলায় দুর্বৃত্তদের ব্যবহৃত একটি প্যান্ট ও খাবারের টিফেন ক্যারিয়ার পাওয়া যায়। ব্যাংক ভবনের ছাদ থেকে দুপুরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় কিছু স্ক্রু ড্রাইভার, স্লাইরেঞ্জ, হাতুড়ি ও সাবল পাওয়া যায়। তবে এসব যন্ত্রপাতি একেবারে নতুন ও অব্যবহৃত অবস্থায় পাওয়া গেছে। তবে মাষ্টার কি (মূল চাবি) দিয়ে ব্যাংকের কোন তালা লাগানো বা খোলা সম্ভব হচ্ছিল না। তালাগুলো বিকল হয়ে গেছে। খবর পেয়ে পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি র‌্যাব, সিআইডি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞ দল ন্যাশনাল ব্যাংকে ছুটে আসেন। তারা দিনভর অনুসন্ধান চালিয়েও কারা কিভাবে এ ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ পাননি। প্রাথমিক অনুসন্ধান শেষে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হোসেন বলেন, "এ ঘটনার জন্য আমরা ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খাত্তাব ও জুলফিকার আলী এবং ব্যাংক কর্মকর্তা (চাবি সংরক্ষক) বেলাল উদ্দিন, খন্দকার সাহাদৎ হোসেন ও রবিউল ইসলামকে আটক করেছি।" দুই নৈশপ্রহরীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান। মোজাম্মেল হোসেন আরও বলেন, "ব্যাংকের লোকজনের সহায়তা ছাড়া কারও পক্ষেই তালা বা দরজা না ভেঙে এতবড় ঘটনা ঘটানো সম্ভব নয়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চড়ান্ত কিছু বলা যাবে না।" ন্যাশনাল ব্যাংকের দায়িত্বরত নৈশপ্রহরী আব্দুল খাত্তাব বলেন, "রোববার রাত ৯টায় ব্যাংকের সামনের একটি দোকান থেকে পান কিনতে গেলে কতিপয় যুবক আমাকে টাইগার নামের একটি পানীয় পান করান। এর পরপরই আমি ব্যাংকে ঢুকলে তারাও ঢুকে পড়ে। এরপর আমার চেতনা ছিল না। সকালে ডাকাডাকিতে সচেতন ইহ।" ন্যাশনাল ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার) এস এম জহিরুল হক বলেন, "আমি লেনদেন ও দৈনন্দিন হিসাব নিকাশ শেষ করে ইফতারির আগে বাসায় চলে গেছি। সকালে পরিচ্ছন্নতা কর্মীর ডাকে ব্যাংকে এসে দেখি সব তালা খোলা রয়েছে এবং ভোল্ট থেকে এক কোটি ৬২ লাখ টাকা খোয়া গেছে।" তবে কিভাবে কারা এ কাজ করেছে তা তিনি বলতে পারেননি। এই শাখায় সর্বোচ্চ ৫০ লাখ টাকা জমা রাখার বিধান থাকলেও কেন এত টাকা রাখা হয়েছিল এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সপ্তাহের ছুটি শেষে রোববার এই টাকা গ্রাহকরা জমা করেছেন। সময়ের স্বল্পতার কারণে টাকাগুলি সোনালী ব্যাংকে স্থানান্তর করা সম্ভব হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.