২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদোন্নতি বঞ্চিতদের' প্রাধিকার

প্রশাসনের উপ-সচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার তিনটি পর্যায়ে ৪৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এবারের তালিকায় পদোন্নতি বঞ্চিত' কর্মকর্তাদের প্রায় সবাই স্থান পেয়েছেন। যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৬০ জন, উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে ১৬৩ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপ সচিব পদে ২৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 08:54 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার তিনটি পর্যায়ে ৪৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এবারের তালিকায় পদোন্নতি বঞ্চিত' কর্মকর্তাদের প্রায় সবাই স্থান পেয়েছেন। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। আদেশে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৬০ জন, উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে ১৬৩ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপ সচিব পদে ২৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম-সচিব (এপিডি) খোরশেদ আলম চৌধুরী জানান, সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে বিসিএস'র নবম ও ১০ম ব্যাচের কর্মকর্তারা প্রাধিকার পেয়েছেন। তবে এরআগের ব্যাচগুলোর পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের এবারের তালিকায় বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। পদায়ন না হওয়া পর্যন্ত এই কর্মকর্তারা প্রত্যেককেই সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কাজ করবেন। তবে এসব কর্মকর্তার অধিকাংশই নতুন আদেশে একইপদে দায়িত্ব পালনের নির্দেশ পেতে পারেন বলে সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কয়েক দফায় উপ-সচিব থেকে যুগ্ম-সচিব, যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব এবং অতিরিক্ত সচিব থেকে সচিব পর্যায়ে পদোন্নতি দেয়া হলেও সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে পদোন্নতি মাত্র দুইজন কর্মকর্তা পদোন্নতি পান। প্রশাসনে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ওই দুই কর্মকর্তা চার মাসের ব্যবধানে অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পদে পদোন্নতি লাভ করেন। এই প্রথম সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে এত বড় সংখ্যার পদোন্নতি হলো এ সরকারের সময়। দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিতে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) গত আগস্ট মাসে দফায় দফায় বৈঠক করে এ তালিকা তৈরি করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদোন্নতির পর পদায়ন সংক্রান্ত কোন নির্দেশনা না থাকায় এর আগে পদোন্নতির সিদ্ধান্তটি কার্যকর করা হয়নি। রোববার প্রধানমন্ত্রী ওই সম্মেলন থেকে দেশে ফেরার পর তা কার্যকর করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমকে/এসএম/আরএ/এইচএ/জিএনএ/১৬৪৯ ঘ.