ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানিতে সোমবার খালেদা জিয়া আদালতে হাজির হয়েছেন। (আরও তথ্যসহ-১)
দুপুর দেড়টায় শুনানি শুরু হয়ে এখনও চলছে। খালেদার পক্ষে শুনানি করছেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খোন্দকার দেলোয়ার হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ। সরকার পক্ষে শুনানি করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবী দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।
এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকা মহানগর বিশেষ জজ এএনএম বশিরউল্লাহর আদালতে হাজির হন খালেদা।
এ মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরার কারণে আদালতের নির্দেশ অনুযায়ী আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগর পুলিশের প্রায় সব পর্যায়ের কর্মকর্তারা আদালত প্রাঙ্গণে হাজির হয়ে টহল দিচ্ছেন।
এর আগে গত ৩০ আগস্ট খালেদার আইনজীবীদের আবেদনে আদালত শুনানির তারিখ সোমবার (আজ) নির্ধারণ করে। ওইদিন খালেদা জিয়ার হাজির হওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় খালেদা, তার ছেলে তারেক রহমানসহ ছয়জন আসামি।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুণ অর রশীদ গত ৬ আগস্ট এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদাসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এইচএ/১৩৫৫ ঘ.
bdnews24