ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আল্টিমেটামের আগে এ মাসেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
এ বিচারে সরকারের ওপর কোনও চাপ নেই বলেও জানান তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, "আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারে রোডম্যাপ ঘোষণার যে আল্টিমেটাম একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দিয়েছে, তার আগেই এ বিচার প্রক্রিয়া শুরু হতে পারে।"
তবে কবে থেকে বিচার শুরু হবে তার দিন-ক্ষণ সঠিকভাবে বলা যাবে না বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, "তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই সিদ্ধান্ত হবে।"
গত ৪ সেপ্টেম্বর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক জরুরি প্রতিনিধি সম্মেলনে জানানো হয়েছিলো, ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের রোডম্যাপ ঘোষণা করা না হলে সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে তারা আন্দোলনে নামবে।
ওই সম্মেলনে একাত্তরের যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ ও গ্রেপ্তারের দাবিসহ নয়দফা খসড়া প্রস্তাবও উত্থাপন করা হয়।
শফিক আহমেদ বলেন, "আমরা সবসময়ই বলে এসেছি, সরকার যুদ্ধাপরাধীদের বিচারে আন্তরিক। বিচার হবেই-এ নিয়ে কারও মনে কোনও সন্দেহ থাকা উচিত নয়।
"এর প্রস্তুতিপর্ব শেষ হয়েছে। এখন অবকাঠামোগত সুবিধার প্রয়োজন রয়েছে। এটা শেষ হলে যা যা করণীয় তার সবই সরকার করবে।"
তিনি আরও বলেন, "আমরা আদালত ভবন ঠিক করার জন্য পূর্ত মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছি। কারণ, তদন্ত সংস্থা বা বিচারকদের বসার জন্য জায়গা দরকার হবে।
"সেটা ঠিক করেই আমরা বিচারক, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেলের সদস্য নিয়োগ দেবো। এতে খুব বেশি সময় লাগবে না। যত শিগগিরই সম্ভব বিচার প্রক্রিয়া শুরু করবো।"
যুদ্ধাপরাধীদের বিচার না করতে সরকারের ওপর কোন প্রকার চাপের কথা নাকচ করে দিয়ে শফিক বলেন, "অনেকে আমাদের কাছে এসেছিলেন, আমরা তাদের বলেছি, কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করা হবে না।
"বিচারটি যাতে গ্রহণযোগ্য হয়, সে জন্য সরকার সব ব্যবস্থাই করবে। অভিযুক্তরা নিজেদের পছন্দমতো আইনজীবী নিয়োগ করতে পারবে।"
আইনমন্ত্রী জানান, যারা বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, ধর্ষণের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলো শুধু তাদেরই বিচার করা হবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। তবে এ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডারস ফোরাম সমালোচনা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/১৭১০ ঘ.
bdnews24